গুরুদাসপুরে বাল্যবিয়ে, মাদক বিক্রেতা আর উত্ত্যক্তকারীদের খবর দিতে পারলেই দেওয়া হবে পুরস্কার। অপরাধপ্রবণতা কমাতে আর মানুষের বিবেককে জাগ্রত করতে ‘দরিদ্র সংস্থার’ এই ব্যতিক্রমি আয়োজন। পুরস্কার হিসেবে দেওয়া হবে ১০০ টাকার মোবাইল ফ্লেক্সিলোড।
শুধু যে পুরস্কার দেওয়া হবে এমন নয়। মাস শেষে সর্বোচ্চ খবরদাতাকে সংস্থার পক্ষ থেকে দেওয়া হবে শুভেচ্ছা স্মারক।
দরিদ্র সংস্থা সূত্র জানিয়েছে, বেসরকারি এই সংগঠনটি মানবতার দেওয়াল কর্মসূচির পাশাপাশি নতুন এই কর্মসূচি হাতে নিয়েছে। খবর জানাতে ডায়াল করতে হবে (উপজেলা নির্বাহী কর্মকর্তা- ০১৩১৫১৭১৩৫৪, দরিদ্র সংস্থা-০১৭৫০-৩৩৩৯২৯ ও গুরুদাসপুর থানা-০১৭১৩৩৭৩৮৬০ নম্বরে।)
দরিদ্র সংস্থার প্রতিষ্ঠাতা নাজমুল হাসান নাহিদ জানান, মূলত দরিদ্র মানুষের কল্যাণে কাজ করতেই দরিদ্র সংস্থা প্রতিষ্ঠা করা হয়। এই সংস্থার পক্ষ থেকে বেশ কয়েকটি জনকল্যাণমুখী উদ্যোগ নিয়ে সফলও হয়েছি আমরা। বর্তমান সমাজে বাল্যবিয়ে, মাদক আর উত্ত্যক্তের হার বেড়ে গেছে। আশাকরি এই কর্মসূচির মধ্যমে এসব অপরাধপ্রবণতা কমানো সম্ভব হবে।
সংস্থার সভাপতি প্রভাষক মো. মাজেম আলী জানান, সমাজের কল্যাণে আমরা যে উদ্যোগ গ্রহণ করেছি তা অব্যাহত থাকবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তমাল হোসেন বলেন, এটা খুব ভালো উদ্যোগ। এই উদ্যোগকে আমি ব্যক্তিগতভাবে সাধুবাদ জানাই।
