সেভিয়াকে উড়িয়ে এল ক্লাসিকোর আগে চাঙা রিয়াল মাদ্রিদ 

আপডেট : ১৯ অক্টোবর ২০২৬, ০৮:৪৪

লা লিগায় সেভিয়ার বিপক্ষে বড় জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। রোববার (১৮ অক্টোবর) রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে সেভিয়াকে ৪-১ গোলে হারিয়েছে লস ব্লাঙ্কোরা। ম্যাচে জোড়া গোল করেছেন কিলিয়ান এমবাপ্পে।

এই জয়ে ২১ পয়েন্ট নিয়ে তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে রিয়াল মাদ্রিদ। এক পয়েন্ট বেশি নিয়ে দ্বিতীয় স্থানে অ্যাতলেতিকো মাদ্রিদ। অন্যদিকে, ২৭ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে বার্সেলোনা। 

আগামী রোববার (২৫ অক্টোবর) মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। এল ক্লাসিকোর আগে বড় জয় আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে রিয়ালকে।

ম্যাচের শুরুতে দুই দলই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে দুই দল। তবে প্রথমার্ধের শেষ দিকে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের করে নেয় রিয়াল। ২৯ মিনিটে বক্সের বাইরে থেকে বাঁ পায়ের দুর্দান্ত শটে দলকে এগিয়ে দেন আরদা গুলার।

এর ৭ মিনিট পর জুড বেলিংহামের দারুণ ব্যাকহিল পাস থেকে বল পেয়ে ব্যক্তিগত নৈপুণ্যে ব্যবধান দ্বিগুণ করেন এমবাপ্পে।

বিরতির পরও রিয়ালের আক্রমণের ধার কমেনি। ৬২ মিনিটে পেনাল্টি থেকে পানেনকা শটে নিজের দ্বিতীয় গোলটি করেন এমবাপ্পে। 

এরপর ম্যাচের ৭৯ মিনিটে মানু বুয়েনো সেভিয়ার হয়ে একটি গোল শোধ করলেও ২ মিনিট পরই একক প্রচেষ্টায় দুর্দান্ত শটে রিয়ালের চতুর্থ গোলটি করেন দিয়োমান্দে।

ইত্তেফাক/জেডএইচ