ঝিনাইদহে সপ্তম শ্রেণির স্কুলছাত্রী গণধর্ষণ মামলার প্রধান আসামি বাদশা হোসেনকে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার সকালে সদর উপজেলার খাজুরা জোয়ার্দ্দারপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বাদশা খাজুরা এলাকার মৃত মন্তেজ হোসেনের ছেলে।
ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান খান জানান, গণধর্ষণ মামলার প্রধান আসামি বাদশা খাজুরা এলাকায় অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বাদশা ধারালো অস্ত্র দিয়ে পুলিশকে আঘাত করার চেষ্টা করে। পুলিশ আত্মরক্ষার্থে গুলি ছোড়ে। এতে বাদশা পায়ে গুলিবিদ্ধ হয়। পরে তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উল্লেখ্য, ঈদের দিন সন্ধ্যায় খাজুরা গ্রমের সপ্তম শ্রেণির ছাত্রী পাশের বাড়িতে তার মাকে খুঁজতে বের হয়। এ সময় বাদশা, একই এলাকার মন্টু মণ্ডলের ছেলে রুহুল আমীন ও জাফরের ছেলে মুন্না তাকে মুখ বেঁধে তুলে নিয়ে গণধর্ষণ করে। ধর্ষণের পর ক্যাডেট কলেজের সামনের একটি আবাসন এলাকায় ধর্ষকরা তাকে ফেলে চলে যায়। এ ঘটনায় ধর্ষিতার চাচা বাদী হয়ে সদর থানায় একটি মামলা করেন।
এর আগে গণধর্ষণ মামলার অপর আসামি মুন্নাকে গ্রেফতার করে পুলিশ।
