মেসির কাছ থেকে বিশেষ উপহার পেয়ে রোমাঞ্চিত মেক্সিকান ‘বিস্ময় বালক’

আপডেট : ১৯ অক্টোবর ২০২৬, ১৩:১৯

মাত্র ১৮ বছর বয়সেই মেক্সিকোর ফুটবলে নিজের প্রতিভার ছাপ রেখেছেন গিলবার্তো মোরা। দেশটির হয়ে সবশেষ ফুটবল বিশ্বকাপেও খেলেছেন তিনি। সম্প্রতি নিজের করা একটা বিশেষ তালিকায় মোরাকে বেছে নিয়েছিলেন সর্বকালের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি। এবার আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়কের কাছ থেকে বিশেষ একজোড়া ফুটবল বুটও পেয়েছেন এই মেক্সিকান ‘বিস্ময় বালক’।

ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যাডিডাসের ‘মেসি +১০’ প্রচারণার তৃতীয় মৌসুমে বিশ্বের ১০ প্রতিশ্রুতিশীল তরুণ ফুটবলারকে ‘আগামীর তারকা’ হিসেবে বেছে নিয়েছেন মেসি। সেই তালিকায় জায়গা পেয়েছেন মেক্সিকোর ক্লাব জোলোস দে তিহুয়ানার মিডফিল্ডার মোরাও।

মেসির নির্বাচিত তরুণদের একজন হওয়াই কম প্রাপ্তি নয়। তার ওপর উপহার হিসেবে মোরার হাতে এসেছে অ্যাডিডাসের বিশেষ সংস্করণের একজোড়া এফ৫০ ফুটবল বুট। ‘ফুটবল ই ফামিলিয়া’ সংস্করণের বুটটির রং গোলাপি, সাদা ও কালো। বুটের জিহ্বার অংশে রয়েছে মেসির নিজস্ব লোগো।

বিশেষ এই বুট পাওয়ার পর নিজের আনন্দ আর ধরে রাখতে পারেননি মোরা। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে মেসি ও অ্যাডিডাসকে ধন্যবাদ জানিয়ে পোস্ট দিয়েছেন মেক্সিকান ফুটবলার। সেখানে তিনি লিখেছেন, ‘মেসি +১০ প্রকল্পের অংশ হতে পারাটা সম্মানের। আমাকে বেছে নেওয়ার জন্য ধন্যবাদ মেসি ও অ্যাডিডাসকে। আপনার বুট পরে খেলতে পারাটা হবে আমার স্বপ্নপূরণ।’ 

১৮ বছর বয়সেই মোরার ইউরোপিয়ান ফুটবলের দুয়ারও খুলে গেছে। মেসির চোখে সম্ভাবনাময়ী এই ফুটবলারকে নিয়ে গুঞ্জন চলছে, লিভারপুলে যোগ দিতে পারেন তিনি। 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Gilberto Mora (@gil_morita)

ইত্তেফাক/জেডএইচ