কাঁচপুরে ভেঙে ফেলা হলো অবৈধ স্থাপনা

আপডেট : ২১ আগস্ট ২০১৯, ২৩:৩৫

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে কাঁচপুর কুতুবপুর এলাকায় শীতলক্ষ্যা নদীর পূর্বতীরে গড়ে ওঠা হক কোল্ড স্টোরেজের অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদীবন্দর কর্তৃপক্ষ। এ সময় জব্দকৃত বালু ১ লাখ টাকায় নিলামে বিক্রি করা হয়।  গতকাল বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে শীতলক্ষ্যায় তৃতীয় দফায় দ্বিতীয় দিনে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।

বিআইডব্লিউটিয়ের নারায়ণগঞ্জ নদীবন্দরের যুগ্ম পরিচালক শেখ মাসুদ কামালের তত্ত্বাবধানে উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন উপপরিচালক মো.শহিদুল্লাহ, সহকারী পরিচালক এহতেশামুল পারভেজসহ অন্যান্য কর্মকর্তা। বিপুল সংখ্যক পুলিশ, আনসার সদস্য ও বিআইডব্লিউটিয়ের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে একটি জাহাজ, একটি ভেকু, একটি টাগ বোটের মাধ্যমে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

শেখ মাসুদ কামাল জানান, শীতলক্ষ্যা মেঘনা ও ধলেশ্বরী নদীর তীর দখল করে গড়ে ওঠা সব রকমের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। তৃতীয় দফায় আগামী রবিবার পর্যন্ত উচ্ছেদ  অভিযান চলবে।  নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান জানান, কাঁচপুর কুতুবপুর এলাকায় গতকাল হক কোল্ড স্টোরেজের অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে।