টাঙ্গাইলে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণ, ৬ জনের যাবজ্জীবন

আপডেট : ১৯ অক্টোবর ২০২৬, ১৮:৩৬

টাঙ্গাইলের দেলদুয়ারে এক গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের দায়ে ছয়জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১ লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছর বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) দুপুরে টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আ. ন. ম. ইলিয়াস এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন দেলদুয়ার উপজেলার মঙ্গলহোড় গ্রামের হযরত আলীর ছেলে রাজন মিয়া, মজনু মিয়ার ছেলে মো. রিফাত, মোবারকের ছেলে আব্দুর রউফ, সদর উপজেলার পয়লা পশ্চিমপাড়া গ্রামের নিলু মিয়ার ছেলে মো. আমির হামজা, কালিহাতী উপজেলার পৌলি গ্রামের নুরুল ইসলামের ছেলে আল আমিন এবং দেলদুয়ার উপজেলার পাথরাইল গ্রামের মৃত সিরাজ মিয়ার ছেলে বিপ্লব মিয়া।

মামলার বিবরণে জানা যায়, ২০২৪ সালের ২৯ অক্টোবর ওই গৃহবধূ দেলদুয়ার উপজেলার আটিয়া গ্রামে তাঁর ফুফু শিউলী বেগমের বাড়িতে যান। সেখানে ফুফুর কাছ থেকে ৫০ হাজার টাকা ধার নেন তিনি। রাতে বাড়ি ফেরার পথে দণ্ডপ্রাপ্তরা তাঁকে জোরপূর্বক একটি টেক্সটাইল মিলের কার্যালয়ে নিয়ে পালাক্রমে ধর্ষণ করেন। এ সময় তাঁর মুঠোফোন ও ৫০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়।

পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগীকে উদ্ধার করে। পরদিন তিনি বাদী হয়ে দেলদুয়ার থানায় মামলা করেন।

মামলার তদন্ত করেন দেলদুয়ার থানার পরিদর্শক আজিজুল হক হাওলাদার। তদন্ত শেষে তিনি আদালতে অভিযোগপত্র দাখিল করেন। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) ওমরাও খান দিপু রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

 
ইত্তেফাক/এমএএম