সাভারে মুদি দোকানিকে অপহরণের অভিযোগ

আপডেট : ২১ আগস্ট ২০১৯, ২৩:৩৭

সাভারে স্বপন সাহা (৪০) নামের এক মুদি দোকানিকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল বুধবার সাভার মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন নিখোঁজ ঐ ব্যবসায়ীর স্ত্রী দ্বিপালী সাহা। নিখোঁজ স্বপন সাহা সাভার পৌর এলাকার দক্ষিণপাড়া মহল্লায় মুদি ব্যবসা করেন বলে জানা গেছে।

দ্বিপালী সাহা অভিযোগ করে বলেন, গত ১৮ আগস্ট সাভারের দক্ষিণপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে বের হলে দুর্বৃত্তরা তার স্বামীকে অপহরণ করে। পরে পরিবারের সদস্যদের কাছে মোবাইল ফোনে ৩০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। পরে বিষয়টি জানিয়ে সাভার থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সায়েদ বলেন, মুদি দোকানি নিখোঁজের ঘটনায় তার স্ত্রী একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঐ ব্যবসায়ীকে উদ্ধারের চেষ্টা চলছে।