ছাদ থেকে লাফিয়ে পড়ে কারারক্ষীর স্ত্রীর আত্মহত্যা

আপডেট : ২১ আগস্ট ২০১৯, ২৩:৩৭

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১-এর প্রধান কারারক্ষী মো. মিজানুর রহমানের স্ত্রী ফাতেমা বেগম (৪০) ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছেন। বুধবার সকালে ঐ কারাগারের স্টাফ কোয়ার্টারের ‘ছন্দা’ ভবনের পাঁচতলার ছাদ থেকে লাফিয়ে পড়ে তিনি আত্মহত্যা করেন। মিজানুর রহমান-ফাতেমা দম্পতির দুই মেয়ে ও এক ছেলে আছে।

নিহতের স্বামী জানান, ‘সকালে সবাই ঘুমিয়ে ছিলাম। হঠাত্ লোকজনের চিত্কার শুনে ঘুম থেকে জেগে উঠে ভবনের নিচে এসে ফাতেমাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পাই। পরে তাকে দ্রুত গাজীপুরের শহিদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিত্সক সকাল সোয়া ৮টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। তিনি আরো জানান, তার স্ত্রী ফাতেমা এক জন মানসিক রোগী ছিল। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১-এর সিনিয়র জেলসুপার সুব্রত কুমার বালা বলেন, নিহত ফাতেমা বেগমের মানসিক সমস্যা ছিল। শহিদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের আবাসিক চিকিত্সক প্রণয় ভূষণ দাস জানান, ফাতেমা বেগমকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।