ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগের এক দিন পরই নতুন মোবাইল ফোন পেলেন এক কলেজছাত্রী। গত মঙ্গলবার মানিকগঞ্জের জেলা প্রশাসক এস এম ফেরদৌস ঐ ছাত্রীর হাতে মোবাইল ফোনটি তুলে দেন।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল জানান, পূজা নামের এক শিক্ষার্থী গত ১৯ আগস্ট তার দপ্তরে একটি অভিযোগ দায়ের করেন। তার অভিযোগ, ছয় মাস আগে মানিকগঞ্জ শহরের শহিদ রফিক সড়কে প্রাপ্তি টেলিকম থেকে তিনি শাওমি Note5 Ai ফোন কেনেন। ফোনটি ব্যবহারের কয়েক দিনের মাথায় নষ্ট হয়ে যায়। তিনি শাওমির সার্ভিসিং সেন্টারে মেরামত করতে গিয়ে জানতে পারেন তার ফোনটি আন অথরাইজড। তিনি প্রাপ্তি টেলিকম সেন্টারে গিয়ে যোগাযোগ করলে তারা বিষয়টি কানে তোলেনি। পরে তিনি জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে লিখিত অভিযোগ করেন। ঐ দিনই জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল প্রাপ্তি টেলিকম সেন্টারে অভিযান পরিচালনা করেন এবং অভিযোগের সত্যতার ভিত্তিতে উক্ত প্রতিষ্ঠানের মালিককে মোবাইল ফোন রিপ্লেসের আদেশ দেন এবং ভবিষ্যতে এ ধরনের প্রতারণা না করতে কঠোরভাবে নির্দেশ দেন। ওই দোকানে Note 5 Ai মডেলের ফোন না থাকায় ১ হাজার টাকা বেশি দামের নতুন শাওমি Note 7 মডেলের ফোন দেওয়া হয় তাকে।
