কলম্বিয়ায় স্বর্ণের খনি ধসে ১৪ জনের মৃত্যু

আপডেট : ২০ অক্টোবর ২০২৬, ০৯:৩৯

কলম্বিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি স্বর্ণের খনি ধসে পড়ে ১৪ জনের মৃত্যু এবং সাতজন আহত হয়েছেন বলে স্থানীয় কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। সোমবার (১৯ অক্টোবর) আল জাজিরার এক প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে।

স্থানীয় গভর্নর লুইস আলফোনসো এসকোবার জানান, প্রাথমিক অনুসন্ধান ও উদ্ধার অভিযান সম্পন্ন হয়েছে। তবে বিভাগের দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা জর্জ তোভার কাস্তিলো জানান, দুর্ঘটনার পর থেকে আরও ১২ থেকে ১৫ জন খনি শ্রমিক নিখোঁজ রয়েছেন।

খনিটি ঘন বনবেষ্টিত সান্টা বার্বারা দে ইসকুয়ান্দে এলাকায় এবং কেবল নৌকা বা ছোট বিমানে সেখানে যাতায়াত করা যায়। সামাজিক মাধ্যম এক্স-এ দেওয়া এক বার্তায় গভর্নর এসকোবার জানান, এটি একটি ‘অনানুষ্ঠানিক’ খনি ছিল এবং এই মুহূর্তে তাদের প্রধান অগ্রাধিকার হলো পরিবারগুলোর পাশে দাঁড়ানো ও উপযুক্ত সহায়তা নিশ্চিত করা।

কলম্বিয়ার গ্রামীণ এলাকায় উপযুক্ত সুরক্ষা অবকাঠামো ছাড়া পরিচালিত অনিয়ন্ত্রিত ও অবৈধ খনিগুলোতে প্রায়ই মারাত্মক দুর্ঘটনা ঘটে থাকে। এর আগে গত আগস্ট মাসেও নারিও বিভাগের পলিকার্পা পৌরসভায় অনুরূপ একটি খনি দুর্ঘটনায় ১৩ জনের মৃত্যু হয়েছিল।

সূত্র: আল জাজিরা

ইত্তেফাক/টিএইচ