রাজধানীর শ্যামলী এলাকায় আলিফ অ্যাপারেলস নামে একটি পোশাক কারখানা বিনা নোটিশে বন্ধ করে দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন শ্রমিকরা। গতকাল বুধবার সকালে এই অবরোধের কারণে মিরপুর সড়কে প্রায় তিন ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এতে দুর্ভোগে পড়েন বিভিন্ন গন্তব্যের যাত্রীরা। পরে সকাল ১১টার দিকে তারা সড়ক থেকে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।
মোহাম্মদপুর থানার ওসি গোপাল গণেশ বিশ্বাস জানান, শ্রমিকদের বিক্ষোভের খবর পেয়ে পুলিশ সেখানে যায়। কিছু সময় পর তাদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দেওয়া হয়। পরে মালিকপক্ষের সঙ্গে শ্রমিকদের আলোচনার মাধ্যমে তাদের পাওনা সংক্রান্ত দাবির বিষয়ে শান্তিপূর্ণ সমাধান হয়েছে। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী এক সপ্তাহের মধ্যে শ্রমিকদের পাওনা পরিশোধ করার কথা রয়েছে।
পুলিশ ও আন্দোলনকারীদের সূত্রে জানা যায়, ঈদের ছুটি শেষে গতকাল সকাল ৮টার দিকে শ্রমিকরা গিয়ে কারখানা বন্ধ দেখতে পান। বিভিন্ন সূত্রে জানতে পারেন, মালিকপক্ষ কারখানা বন্ধ করে দিয়েছে। এতে তারা ক্ষুব্ধ হয়ে ওঠেন, জড়ো হন মিরপুর রোডে। তাদের অবস্থানের ফলে নিউমার্কেট থেকে গাবতলীমুখী ঐ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় শ্রমিকরা কোনো ঘোষণা ছাড়াই কারখানা বন্ধের প্রতিবাদে শ্লোগান দেন এবং তাদের পাওনা বেতন-ভাতার দাবি করেন।
কারখানাটির শ্রমিক আতিক জানান, কারখানা বন্ধ করে দেওয়া হলে নিয়ম অনুযায়ী শ্রমিকদের তিন মাসের বেতন ও অন্যান্য সুবিধা দিতে হয়। কিন্তু শ্রমিকদের সঙ্গে আলোচনা না করে এবং কোনো পাওনা না মিটিয়ে হঠাত্ করেই প্রতিষ্ঠানটি বন্ধ করে দেওয়া হয়।
