মার্কিন অস্ত্র কোম্পানির বিরুদ্ধে নিষেধাজ্ঞার হুঁশিয়ারি চীনের

আপডেট : ২২ আগস্ট ২০১৯, ০০:১৩

মার্কিন অস্ত্র কোম্পানির বিরুদ্ধে নিষেধাজ্ঞার হুঁশিয়ারি দিয়েছে চীন। দেশটি বলেছে, তাইওয়ানের কাছে যদি এফ-১৬ যুদ্ধবিমান এবং অন্যান্য অস্ত্র বিক্রি করা হয় তাহলে নিষেধাজ্ঞা দেওয়া হবে। তাইওয়ানের কাছে ৮০০ কোটি ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে মার্কিন সরকার। খবর বিবিসির

মঙ্গলবার মার্কিন নিরাপত্তা সহযোগিতা সংস্থা জানায়, তাইওয়ানের কাছে এফ-১৬ যুদ্ধবিমান ও ৭৫টি জেনারেল ইলেক্ট্রিক ইঞ্জিন ও অন্যান্য সরঞ্জাম বিক্রি করা হবে। গত কয়েক দশকে এটাই হবে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড়ো অস্ত্র বিক্রির ঘটনা। চীনের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র গেং শুয়াং তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রি ও সামরিক যোগাযোগ বন্ধ করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন। 

চীনের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন তাইওয়ান মূলত দক্ষিণ চীন সমুদ্রের একটি দ্বীপ। এক সময় ওলন্দাজদের উপনিবেশ ছিল তাইওয়ান। তবে ১৬৮৩ থেকে ১৮৯৫ সাল পর্যন্ত তাইওয়ান শাসন করেছেন চীনের রাজারা। এরপর জাপানিরা দ্বীপটি নিয়ে নেয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তাইওয়ানের নিয়ন্ত্রণ পায় চিয়াং কাইশেকের নেতৃত্বাধীন চীনা সরকার। ২০০০ সালে তাইওয়ানের নতুন প্রেসিডেন্ট হন চেন শুই বিয়ান। ২০০৪ সালে তিনি চীন থেকে আলাদা হয়ে তাইওয়ান সম্পূর্ণ স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করতে চায় বলে ঘোষণা দেন। মূলত এরপর থেকে চীনের সঙ্গে দ্বীপটির দ্বন্দ্ব শুরু হয়।