ইরান তেল রপ্তানি না করতে পারলে পানিপথে চলা কারো জন্যই নিরাপদ হবে না

আপডেট : ২২ আগস্ট ২০১৯, ০০:১৩

ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি হুঁশিয়ারি দিয়েছেন, আমরা তেল রপ্তানি না করতে পারলে আন্তর্জাতিক পানিপথ কারো জন্য নিরাপদ হবে না। ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফও একই হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রকে। খবর রয়টার্সের

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সঙ্গে বৈঠকের পর প্রেসিডেন্ট হাসান রুহানি ওয়াশিংটনকে সতর্ক করে বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অপ্রত্যাশিত নীতি গ্রহণ করছেন। আমরাও তাদের বিরুদ্ধে অপ্রত্যাশিত নীতি গ্রহণ করতে পারি। তিনি বলেন, বিশ্ব শক্তি জানে যে, ইরানের তেল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এবং তেল রপ্তানি শূন্যের কোঠায় নেমে এসেছে। তাই আমরা যদি তেল রপ্তানি না করতে পারি তাহলে আন্তর্জাতিক পানিপথও আগের মতো নিরাপদ থাকবে না। খামেনির ওয়েবসাইটে এসব কথা বলা হয়েছে। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্স ইনস্টিটিউটে এক বক্তৃতায় পররাষ্ট্রমন্ত্রী জারিফও একই মন্তব্য করেছেন। এছাড়া দেশটির প্রভাবশালী     রেভল্যুশনারি গার্ডের ডেপুটি কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী ফাদাভিও সতর্ক করেছেন, পারস্য উপসাগরে বাণিজ্য করাটা আন্তর্জাতিক বিশ্বের জন্য নিরাপদ থাকবে না। কারণ এই নিরাপত্তা দেয় তেহরান।