ডিসেম্বরে প্রথম ইউএনও, ডিসি সম্মেলন জানুয়ারিতে

আপডেট : ২০ অক্টোবর ২০২৬, ২০:১৬

প্রথমবারের মতো উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) নিয়ে সম্মেলন আয়োজনের উদ্যোগ নিয়েছে সরকার। আগামী ডিসেম্বর মাসে এ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার পরিকল্পনা রয়েছে। অন্যদিকে, আগামী বছরের ৩১ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত বার্ষিক জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন আয়োজনের কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সূত্র জানিয়েছে, ইউএনও সম্মেলনের নির্দিষ্ট তারিখ এখনো ঠিক করা হয়নি। তবে ডিসি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেওয়ার বিষয়ে সম্মতি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ৩১ জানুয়ারি রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সম্মেলনটি উদ্বোধন করবেন তিনি। তারিখ চূড়ান্ত হওয়ার পর ইউএনও সম্মেলনও প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন বলে জানা গেছে।

প্রতিবছর অনুষ্ঠিত ডিসি সম্মেলনে বিভিন্ন মন্ত্রণালয়ের জন্য পৃথক অধিবেশন রাখা হয়। সম্মেলনের কয়েক মাস আগে জেলা প্রশাসকদের কাছে নিজ নিজ জেলার সমস্যা, উন্নয়ন সম্ভাবনা, চলমান প্রকল্প, নীতিগত বিষয় এবং আঞ্চলিক ও জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে প্রস্তাব চাওয়া হয়।

জেলা প্রশাসকদের পাঠানো প্রস্তাবগুলো পর্যালোচনা করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সঙ্গে আলোচনা করে মন্ত্রিপরিষদ বিভাগ। এরপর প্রস্তাবের চূড়ান্ত তালিকা তৈরি করা হয়। সম্মেলনে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী, উপদেষ্টা ও সচিবদের উপস্থিতিতে এসব প্রস্তাব নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

প্রথমবারের মতো ইউএনও সম্মেলন আয়োজন করা হলেও এর কাঠামো ও কার্যক্রম কীভাবে পরিচালিত হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সূত্র।

এদিকে গণঅভ্যুত্থানের পর থেকে মাঠ প্রশাসনকে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে। সরকারের ফ্যামিলি কার্ড প্রকল্প বাস্তবায়নেও মাঠপর্যায়ে কিছু সমস্যা দেখা দিয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধারণা, ইউএনও ও ডিসি সম্মেলনে মাঠ প্রশাসনের এসব চ্যালেঞ্জ এবং প্রকল্প বাস্তবায়নের সমস্যাগুলো আলোচনায় গুরুত্ব পেতে পারে।

ইত্তেফাক/এসজেএস