চোরাই মোটরসাইকেল বিক্রি করতে গিয়ে চার সহযোগীসহ হাতেনাতে আটক হয়েছেন বান্দরবান জেলা পুলিশের কনস্টেবল অনিক দাশ। মঙ্গলবার চট্টগ্রাম নগরের খুলশী এলাকা থেকে খুলশী থানা-পুলিশ তাদের গ্রেপ্তার করে। ছুটিতে থাকা এই পুলিশ সদস্য একটি চোরাই মোটরসাইকেল চক্রের সঙ্গে জড়িত বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে।
নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (প্রশাসন ও অর্থ) মো. ওয়াহিদুল হক চৌধুরী জানান, চোরাই মোটরসাইকেল বিক্রির সময় বান্দরবানের ওই পুলিশ কনস্টেবল ও তার চার সহযোগীকে আটক করা হয়েছে।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান জানান, চোরাই মোটরসাইকেল চক্রের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে প্রথমে চক্রের এক সদস্যকে আটক করা হয়। তার দেওয়া তথ্যের সূত্র ধরে পুলিশ কনস্টেবল অনিক দাশসহ বাকিদের গ্রেপ্তার করা সম্ভব হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই পুলিশ সদস্যের চক্রের সঙ্গে সম্পৃক্ততার প্রমাণ মিলেছে। এ ঘটনায় খুলশী থানায় মামলা দায়ের করা হয়েছে।
বান্দরবান জেলা পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চট্টগ্রাম শহরে চোরাই মোটরসাইকেল বিক্রির সময় তার জেলার এক কনস্টেবল আটক হয়েছেন। মামলার কাগজপত্র হাতে পেলে তার বিরুদ্ধে বিভাগীয় ও আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
