চট্টগ্রামে বকেয়া বিদ্যুত্ বিল আদায়ে মাঠে নেমেছে ভ্রাম্যমাণ আদালত

আপডেট : ২২ আগস্ট ২০১৯, ০০:২১

নগরীর বাকলিয়া এলাকায় বিদ্যুত্ বিল বকেয়া ও অবৈধ বিদ্যুত্ ব্যবহার করায় ৯টি মামলা ও আড়াই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার দুপুরে বিদ্যুত্ উন্নয়ন বোর্ড চট্টগ্রাম জনসংযোগ বিভাগ  থেকে এই তথ্য জানানো হয়।

তথ্যে উল্লেখ করা হয়, ২১ লাখ ৩৭ হাজার ৫৪৪ টাকা বিদ্যুত্ বিল বকেয়া থাকায় এবং অবৈধ বিদ্যুত্ ব্যবহার করায় সোমবার নগরীর বাকলিয়া এলাকায় ৯টি মামলা ও ৯টি সংযোগ বিচ্ছিন্ন করা হয়। গত দুদিন এই অভিযান পরিচালনা করা হয় বাকলিয়ার সৈয়দশাহ রোড, ময়দার মিল মোড়, বৌ-বাজার খাজা হোটেল এলাকা, আফগান মসজিদ এলাকা, দেওয়ান বাজার ও চকবাজার এলাকায়। বাকলিয়ায় ৯ মামলা, আড়াই লাখ টাকা এবং অবৈধ বিদ্যুত্ ব্যবহার করায় চকবাজারের ডায়মন্ড মার্কেটের মালিক মো. আইয়ুবকে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন বিদ্যুত্ উন্নয়ন বোর্ড চট্টগ্রামের বিদ্যুত্ আদালতের (উত্তর) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোহিনুর আক্তার।