জাবিতে ভর্তি ফরমের মূল্য বৃদ্ধির প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ

আপডেট : ২২ আগস্ট ২০১৯, ০০:৩০

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০১৯-২০ সেশনের স্নাতক (সম্মান) ভর্তি ফরমের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ করেছে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ জাবি শাখা। গতকাল বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদের সামনে থেকে একটি বিক্ষোভ ?মিছিল বের হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুরাতন প্রশাসনিক ভবনের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

বিক্ষোভ সমাবেশে সংহতি প্রকাশ করেন জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোট ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জাবি শাখার নেতারা।

উল্লেখ্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০ সেশনে প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার অনলাইন আবেদনে বি, সি, ডি এবং ই ইউনিটের ভর্তির ফরমের মূল্য গত বছরের চেয়ে ৫০ টাকা বাড়িয়ে ৬০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া সি১, এফ, জি, এইচ এবং আই ইউনিটের ফরমের মূল্যও ৫০ টাকা বৃদ্ধি করে ৪০০ টাকা নির্ধারণ করা হয়েছে।