গ্যাসের দাম বাড়ার ‘খুশির অফার’, ‘নবীন ফ্যাশন’কে জরিমানা

আপডেট : ২১ অক্টোবর ২০২৬, ১৫:৫৮

গ্যাসের দাম ২৫২ টাকা বাড়ার ঘটনাকে ‘খুশির উপলক্ষ’ হিসেবে দেখিয়ে পাঞ্জাবির দামে ছাড়ের বিজ্ঞাপন এবং অফার অনুযায়ী পণ্য না পাওয়ার অভিযোগে পোশাক বিক্রয়কারী প্রতিষ্ঠান ‘নবীন ফ্যাশন’কে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (১৯ অক্টোবর) জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মন্ডলের নেতৃত্বে পরিচালিত এক অভিযানে এই জরিমানা আদায় করা হয়।

ঘটনার বিবরণ থেকে জানা যায়, সম্প্রতি এলপিজি বা গ্যাসের দাম ২৫২ টাকা বৃদ্ধির প্রেক্ষিতে সাধারণ মানুষের মধ্যে যখন অসন্তোষ সৃষ্টি হয়, তখন নবীন ফ্যাশন তাদের বিজ্ঞাপনে এটিকে খুশির উপলক্ষ হিসেবে তুলে ধরে। বিজ্ঞাপনে ২৫২ টাকা বা তার চেয়ে কম দামে পাঞ্জাবি বিক্রির অফার ঘোষণা করা হয়েছিল। তবে বাস্তবে অনলাইন বা আউটলেট—কোনো মাধ্যমেই ক্রেতারা ওই দামে পাঞ্জাবি পাননি।

অভিযান শেষে সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মন্ডল জানান, গ্যাসের মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের জন্য কষ্টের বিষয়। এমন পরিস্থিতিতে বিষয়টিকে কেন্দ্র করে অবমাননাকর ও প্রবঞ্চনামূলক বিজ্ঞাপন দেওয়া আপত্তিকর। ছাড় দেওয়ার বিষয়ে বিধিনিষেধ না থাকলেও বিভ্রান্তিকর ও চাতুর্যপূর্ণ বিজ্ঞাপন দিয়ে ভোক্তাদের সঙ্গে প্রতারণা করার কোনো সুযোগ নেই।

ভোক্তা অধিকারের এই কর্মকর্তা আরও জানান, বিষয়টি নজরে আসার পরপরই দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হয়। এর প্রেক্ষিতে প্রতিষ্ঠানটি তাদের ওয়েবসাইট ও সামাজিক মাধ্যম থেকে বিতর্কিত বিজ্ঞাপনটি সরিয়ে নেয় এবং নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করে।

অভিযানকালে নবীন ফ্যাশনের ফার্মগেট আউটলেটের এক প্রতিনিধি ভুল স্বীকার করে বলেন, বিষয়টি বুঝতে না পেরে তারা এই অনিচ্ছাকৃত ভুলটি করেছিলেন। ভবিষ্যতে আর কখনোই এ ধরনের ঘটনা ঘটবে না বলেও প্রতিশ্রুতি দেন তিনি।

ইত্তেফাক/এএম