থানায় ঢুকে বাটাম দিয়ে ৩ পুলিশকে পেটালো যুবক, একদিন পর অভিযুক্ত গ্রেপ্তার

আপডেট : ২১ অক্টোবর ২০২৬, ২১:৩১

জয়পুরহাটের কালাই থানার ভেতরে ঢুকে কাঠের বাটাম দিয়ে তিন পুলিশ সদস্যকে মারধরের অভিযোগে আসলাম হোসেন (২৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২১ অক্টোবর) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার রাতে উপজেলার থুপসাড়া গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসলাম হোসেন উপজেলার থুপসাড়া গ্রামের মুনসুর রহমানের ছেলে।

পুলিশ জানায়, এ ঘটনায় কালাই থানার উপপরিদর্শক (এসআই) আহসান হাবিব বাদী হয়ে মঙ্গলবার তার বিরুদ্ধে মামলা করেন। মামলায় সরকারি কাজে বাধা এবং হত্যার উদ্দেশ্যে মারধর করে জখম করার অভিযোগ আনা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কালাই থানার কয়েকজন পুলিশ সদস্য দুর্গাপূজার দায়িত্ব পালনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় হাতে কাঠের বাটাম নিয়ে থানার ভেতরে প্রবেশ করেন আসলাম। পুলিশ সদস্যরা তার পরিচয় ও থানায় আসার কারণ জানতে চাইলে তিনি কনস্টেবল মো. মাহমুদুল হাসান রকিকে লক্ষ্য করে বাটাম দিয়ে আঘাত করেন।

এজাহারে বলা হয়, রকি আঘাত এড়াতে সরে যাওয়ার চেষ্টা করলেও বাটামের আঘাত তার বাম চোয়ালে লাগে। এতে তিনি রক্তাক্ত জখম হন। আসলামকে আটকানোর চেষ্টা করলে তিনি ড্রাইভার কনস্টেবল মো. মাসুদ রানার পিঠে আঘাত করেন। এ সময় আরেক পুলিশ সদস্য তাকে আটকাতে গেলে তার ডান হাতের বৃদ্ধাঙ্গুলিতে গুরুতর আঘাত লাগে।

পরে অন্য পুলিশ সদস্যরা এগিয়ে এলে কাঠের বাটাম ফেলে থানার চত্বর থেকে পালিয়ে যান আসলাম। আহত পুলিশ সদস্যদের কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

পুলিশ জানায়, আসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য ও জুয়া আইনে একাধিক মামলা রয়েছে।

কালাই থানার ওসি সাইদুল আলম বলেন, সোমবার সন্ধ্যায় আসলাম থানার ভেতরে ঢুকে তিন পুলিশ সদস্যকে মারধর করেন। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা হয়েছে। মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে বুধবার তাকে আদালতে পাঠানো হয়েছে।

ইত্তেফাক/এপি