সংযুক্ত আরব আমিরাতের বাতাসে পেট্রোলের গন্ধ, কারণ জানে না কেউ

আপডেট : ২১ অক্টোবর ২০২৬, ২২:২৫

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাই, শারজাহসহ বিভিন্ন এলাকায় বাতাসে পেট্রোল বা গ্যাসের মতো তীব্র গন্ধ ছড়িয়ে পড়েছে। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তবে এই গন্ধের উৎস এখনো শনাক্ত করা যায়নি। কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।

গত কয়েক দিন ধরে অস্বাভাবিক এই গন্ধের অভিজ্ঞতা সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরছেন অনেকে। এক্সে এক বাসিন্দা লিখেছেন, সারা শহরে পেট্রোলের গন্ধ পাওয়া যাচ্ছে, অথচ এর কারণ এখনো জানা যায়নি। আরেকজন দুবাইয়ের ডাউনটাউন এলাকায় জ্বালানির মতো গন্ধ পাওয়ার কথা জানিয়ে কী ঘটছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন।

মঙ্গলবার (২০ অক্টোবর) আমিরাতের জলবায়ু পরিবর্তন ও পরিবেশ মন্ত্রণালয় জানায়, অস্বাভাবিক গন্ধের উৎস শনাক্ত করতে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ চলছে।

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, প্রাথমিক মূল্যায়নে উদ্বেগের কোনো কারণ পাওয়া যায়নি। পরিস্থিতি পর্যবেক্ষণে মাঠপর্যায়ে পরিদর্শন অব্যাহত রয়েছে। পাশাপাশি গন্ধের প্রভাব কমাতে এবং দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

পরিস্থিতির কোনো পরিবর্তন হলে কিংবা জনসাধারণের জন্য সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার প্রয়োজন দেখা দিলে তা জানানো হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়। এ বিষয়ে বাসিন্দাদের সরকারি সূত্র থেকে প্রকাশিত সর্বশেষ তথ্য অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।

এর আগে সোমবার (১৯ অক্টোবর) শারজাহ ও আশপাশের এলাকায় অস্বাভাবিক দুর্গন্ধের অভিযোগের বিষয়টি সংশ্লিষ্ট কর্মকর্তাদের নজরে আসে। শারজাহ পুলিশের প্রধান লেফটেন্যান্ট জেনারেল আবদুল্লাহ মুবারক বিন আমেরও এ বিষয়ে অবহিত হন।

তিনি বাসিন্দাদের আশ্বস্ত করে বলেন, পরিস্থিতি নিরাপদ ও স্থিতিশীল রয়েছে এবং এখন পর্যন্ত কোনো ধরনের হুমকির ইঙ্গিত পাওয়া যায়নি। দুর্গন্ধের প্রকৃত কারণ খুঁজে বের করতে কেন্দ্রীয় ও স্থানীয় কর্তৃপক্ষ যৌথভাবে কাজ করছে। তদন্তে নতুন কোনো তথ্য পাওয়া গেলে তা জনসাধারণকে জানানো হবে বলেও উল্লেখ করেন তিনি।

 
ইত্তেফাক/এসজেএস