দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় একযোগে বিমান হামলা ও শক্তিশালী বিস্ফোরক দিয়ে ধ্বংসযজ্ঞ চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। বৃহস্পতিবার (২২ অক্টোবর) লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সির (এনএনএ) বরাতে মিডল ইস্ট আই এই তথ্য জানিয়েছে।
এনএনএ-র প্রতিবেদনে জানানো হয়, ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননের কফর তিবনিত শহরে বড় আকারের বিস্ফোরক ব্যবহার করে ধসে দেওয়ার অভিযান চালিয়েছে। পাশাপাশি জওতার আল-শারকিয়ার উপকণ্ঠে আইন আল-সামাহিয়াহ এলাকায় ভয়াবহ বিস্ফোরণ ঘটায়, যার ফলে দক্ষিণ লেবাননজুড়ে প্রচণ্ড শব্দ ও কম্পন অনুভূত হয়।
সংস্থাটি আরও জানায়, ইসরায়েলি যুদ্ধবিমানগুলো হাদ্দাতা শহর এবং চাকরার নিকটবর্তী ওয়াদি আল-সালুকিকে লক্ষ্য করে আকাশপথে হামলা চালিয়েছে। একই সময়ে টায়ার শহর, তার চারপাশের গ্রাম এবং রাজধানী বৈরুতের ওপর ইসরায়েলি ড্রোন উড়তে দেখা গেছে বলে আল জাজিরার সংবাদদাতারা জানিয়েছেন।
উদ্ভূত পরিস্থিতিতে দক্ষিণ লেবাননে ইসরায়েলি দখলদারিত্বের অবসান ঘটাতে কূটনৈতিক আলোচনা চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন।
সূত্র: মিডল ইস্ট আই
