বরগুনার রিফাত হত্যার চার্জশিট দাখিল হতে পারে আজ

আপডেট : ২২ আগস্ট ২০১৯, ০৮:২৯

বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার চার্জশিট দেওয়া হতে পারে আজ বৃহস্পতিবার। আদালতের পূর্ব নির্ধারিত তারিখ অনুযায়ী আজ এ মামলায় পুলিশের প্রতিবেদন দাখিলের কথা রয়েছে।

 

মামলার এজাহারভুক্ত ৪ আসামি গ্রেফতার না হলেও চার্জশিট দেওয়ার জন্য পুলিশের প্রস্তুতি চলছে। এ মামলায় এখন পর্যন্ত ১৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।


 

গ্রেফতারকৃত আসামিরা হচ্ছে—রিফাত ফরাজী, রিশান ফরাজী, চন্দন সরকার, রাব্বি আকন, হাসান, অলি, টিকটক হূদয়, সাগর, কামরুল ইসলাম সাইমুন, আরিয়ান শ্রাবণ, রাফিউল ইসলাম রাব্বি, তানভীর, নাজমুল হাসান, রাতুল সিকদার ও আয়শা সিদ্দিকা মিন্নি। মামলার এজাহারভুক্ত ৫ নম্বর আসামি মুসাবন্ড, ৭ নম্বর আসামি মোহাইমিনুল ইসলাম সিফাত, ৮ নম্বর আসামি রায়হান ও ১০ নম্বর আসামি রিফাত হাওলাদারকে এখনো পুলিশ গ্রেফতার করতে পারেনি। প্রধান আসামি নয়নবন্ড গত ২ জুলাই পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়।

আরো পড়ুন : কাশ্মীরে ভোগান্তি বেশি মেয়েদের

মামলার তদন্তকারী কর্মকর্তা বরগুনার থানার পরিদর্শক মো. হুমায়ুন কবির জানান, তিনি প্রতিবেদন তৈরিতে দিন-রাত কাজ করছেন। তবে আজই প্রতিবেদন দাখিল করবেন কি না, সুনির্দিষ্টভাবে সে বিষয়ে বলতে রাজি হননি।

 

উল্লেখ্য, গত ২৬ জুন সকালে প্রকাশ্যে বরগুনা সরকারি কলেজ গেটের সামনে রিফাতকে কুপিয়ে আহত করা হয়। গুরুতর আহতাবস্থায় বরিশাল নেওয়ার পর তিনি মারা যান। এ ঘটনায় রিফাতের বাবা আবদুল হালিম দুলাল শরীফ বাদী হয়ে ১২ জনকে আসামি করে বরগুনা থানায় হত্যা মামলা করেন।

 

ইত্তেফাক/ইউবি