খুলনায় এবার গৃহবধূকে কুপিয়ে ও গুলি করে হত্যা

আপডেট : ২২ অক্টোবর ২০২৬, ২১:১৬

খুলনায় খুশি (২৫) নামে এক গৃহবধূকে গুলি ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে নগরীর জিন্নাহপাড়া বউবাজারের সাত নম্বর গলিতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নগরীর লবণচরা থানার ওসি সৈয়দ মোশারেফ হোসেন হত্যাকাণ্ডের ঘটনা নিশ্চিত করেছেন।

নিহত খুশি জিন্নাহপাড়ার সুমন সরদার ওরফে ব্লেড বাবুর স্ত্রী।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, মাদকসংক্রান্ত বিরোধের জেরে জিন্নাপাড়ার সড়কে দুর্বৃত্তরা খুশিকে গুলি ও কুপিয়ে জখম করে। পরে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। 

লবণচরা থানার ওসি সৈয়দ মোশারেফ হোসেন জানান, নিহতের স্বামী সুমন সরদার ‘ব্লেড বাবু’ নামে পরিচিত। তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে মাদক সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে বলে জানান তিনি। হত্যাকাণ্ডে কারা জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে।

উল্লেখ্য, এর আগে বৃহস্পতিবার ভোরে খুলনায় দুর্বৃত্তদের গুলিতে মো. তুষার (২৭) নামে এক যুবক নিহত হন। এদিন ভোর সাড়ে ৫টার দিকে নগরীর মিস্ত্রিপাড়া বাজারের পূর্ব পাশে আনসার উদ্দিন লেন থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনার পর পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নগরীর পূর্ব বানিয়াখামারের লোহার গেট এলাকার একটি মাদ্রাসার সামনে ধস্তাধস্তি ও ছুরিকাঘাতের ঘটনা ঘটে। পরে তুষার মোটরসাইকেলে সেখান থেকে চলে আসার সময় আনসার উদ্দিন লেনের পূর্ব প্রান্তে পৌঁছালে তাকে লক্ষ্য করে গুলি করা হয়। এতে গুলিবিদ্ধ হয়ে মোটরসাইকেলসহ রাস্তায় পড়ে যান তিনি। ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানা গেছে।

ইত্তেফাক/এপি