চার বছর পর ফিরে আবারও মাঠের বাইরে নরকিয়া

আপডেট : ২৪ অক্টোবর ২০২৬, ১৬:৩০

প্রায় চার বছর পর টেস্ট ক্রিকেটে ফিরলেও আবারও চোটের কারণে মাঠের বাইরে ছিটকে গেলেন দক্ষিণ আফ্রিকার পেসার এনরিখ নরকিয়া। কুঁচকির চোটের কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে খেলতে পারবেন না তিনি।

আগামী ২৭ অক্টোবর থেকে কেপ টাউনে শেষ টেস্টে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া। নরকিয়া চোটে পড়লেও শেষ ম্যাচের আগে স্কোয়াড অপরিবর্তিত রেখেছে স্বাগতিকরা। কেবল ডানহাতি এই তারকার কুঁচকিতে ‘মৃদু’ ইনজুরির কারণে বাদ পড়ার কথা জানিয়েছে প্রোটিয়া ক্রিকেট বোর্ড।

গেবেরহা টেস্টের প্রথম ইনিংসে মাত্র ৩.৩ ওভার বল করেই মাঠ ছেড়ে যান নরকিয়া। ম্যাচের বাকি সময়ে তিনি আর নামেননি। ফলে পেস বিভাগের অন্যতম শক্তিশালী একটি অপশন কমে যায় টেম্বা বাভুমার দলের। 

যদিও কাগিসো রাবাদা ও মার্কো জানসেনদের দুর্দান্ত পারফরম্যান্সে স্বাগতিকদের কোনো বেগ পেতে হয়নি। অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে মাত্র ৯৯ রানে অলআউট হয়ে ফলো-অনে পড়ে। এরপর দ্বিতীয় ইনিংসে ২৯৫ রানে গুটিয়ে যাওয়ায় ইনিংস এবং ৩১ রানের ব্যবধানে হেরে যায়।

নরকিয়ার ইনজুরিতে তৃতীয় টেস্টের দরজা খুলবে এক পেসারের। সেই অপেক্ষায় আছেন তিনজন– করবিন বশ, ডেন প্যাটারসন ও জেরাল্ড কোয়েটজে। এর মাধ্যমে চার পেসারের সমন্বয় ঠিক রাখতে পারবে বাভুমার দল।

ইত্তেফাক/জেডএইচ