ডিসেম্বরে টি-টোয়েন্টি দিয়ে শুরু হতে যাচ্ছে ঘরোয়া ক্রিকেটের নতুন টুর্নামেন্ট ডমেস্টিক থ্রি বা 'ডি থ্রি' কাপ। তিন সংস্করণের এই প্রতিযোগিতাকে সামনে রেখে আগামীকাল ২৬ অক্টোবর রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে অনুষ্ঠিত হবে ক্রিকেটারদের নিলাম। সকাল ১১টায় শুরু হতে যাওয়া এই নিলামের জন্য পাঁচটি ক্যাটাগরিতে ২৭৯ ক্রিকেটারের তালিকা তৈরি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
নিলামের সর্বোচ্চ 'এ' ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন জাতীয় দলের একঝাঁক তারকা ক্রিকেটার। এই তালিকায় রয়েছেন মুস্তাফিজুর রহমান, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, মুশফিকুর রহিম, তাওহীদ হৃদয়, নাহিদ রানা, শরীফুল ইসলাম ও জাকের আলী অনিক। 'বি' ক্যাটাগরিতে রয়েছেন ২৫ ক্রিকেটার। তাদের মধ্যে উল্লেখযোগ্য সাব্বির রহমান, সাদমান ইসলাম, মোহাম্মদ মিঠুন, আফিফ হোসেন, পারভেজ হোসেন ইমন, নাঈম শেখ ও এবাদত হোসেন। 'সি' ক্যাটাগরিতে রয়েছেন ৬৮ জন এবং 'ডি' ক্যাটাগরিতে ৫৩ জন।
তবে 'এ' ক্যাটাগরিতে থাকার কথা থাকলেও অভিজ্ঞ ব্যাটার মাহমুদউল্লাহ রিয়াদকে রাখা হয়েছে 'সি' ক্যাটাগরিতে। এই ক্যাটাগরিতে তার সঙ্গে রয়েছেন নাসির হোসেন, শুভাগত হোম, আমিনুল ইসলাম বিপ্লব, নাঈম আহমেদ, আকবর আলী, আজিজুল হাকিম তামিম ও মৃত্যুঞ্জয় চৌধুরী। 'ডি' ক্যাটাগরিতে রয়েছেন তরুণ ক্রিকেটার জাওয়াদ আবরার, আদিল বিন সিদ্দীক, রিফাত বেগ, কালাম সিদ্দিকী অলিন ও মারুফ মৃধা। অনূর্ধ্ব-১৯ দলের বেশ কয়েকজন ক্রিকেটারও আছেন নিলামের তালিকায়। তাদের বড় একটি অংশ জায়গা পেয়েছেন 'ই' ক্যাটাগরিতে। এই ক্যাটাগরিতে সবচেয়ে বেশি ১০০ ক্রিকেটার জায়গা পেয়েছেন।
নিলামের আগেই ছয়টি দল একজন করে আইকন ক্রিকেটার নেওয়ার সুযোগ পেয়েছে। সেই সুযোগে এইচ ব্লু স্টার দলে নিয়েছে নুরুল হাসান সোহানকে, ওয়ালটন নিয়েছে মেহেদী হাসান মিরাজকে, সেভেন রিংস সিমেন্ট নিয়েছে মুশফিকুর রহিমকে, একমি নিয়েছে মোসাদ্দেক হোসেন সৈকতকে, ফরচুন নিয়েছে তাওহীদ হৃদয়কে এবং সিটিজেন ব্যাংক দলে নিয়েছে নাঈমকে। প্রতিটি দলের স্কোয়াডে থাকবেন ২৩ জন ক্রিকেটার।
একই স্কোয়াড নিয়ে তিন সংস্করণের প্রতিযোগিতায় অংশ নিতে হবে দলগুলোকে। ডিসেম্বরে হবে টি-টোয়েন্টি সংস্করণের লড়াই। জানুয়ারিতে মাঠে গড়াবে চার দিনের বিসিএল, আর আগামী মে মাসে অনুষ্ঠিত হবে ৫০ ওভারের টুর্নামেন্ট। নিলামের আগেই কোচিং প্যানেলও চূড়ান্ত করেছে দলগুলো। ছয় দলের কোচিং দায়িত্বে দেখা যাবে মোহাম্মদ সালাহউদ্দিন, সোহেল ইসলাম, হান্নান সরকার, মিজানুর রহমান বাবুল, মোহাম্মদ আশরাফুল, ফয়সাল ডিকেন্স, আশিকুর রহমান মজুমদার ও তালহা জুবায়েরের মতো পরিচিত কোচদের।
