জমজমাট এল ক্লাসিকো আজ

বার্সার ধারাবাহিকতা ভাঙতে প্রস্তুত মরিনিওর রিয়াল 

আপডেট : ২৫ অক্টোবর ২০২৬, ১০:০৬

ফুটবলের অন্যতম বড় দ্বৈরথে আবার মুখোমুখি হচ্ছে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। একদিকে টানা সাফল্যে আত্মবিশ্বাসী বার্সেলোনা, অন্যদিকে সমালোচনা পেছনে ফেলে নিজেদের সামর্থ্য প্রমাণে মরিয়া রিয়াল। ইতিহাস, ঐতিহ্য, সমর্থকদের আবেগ এবং শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠার দীর্ঘ প্রতিদ্বন্দ্বিতার চেনা উত্তাপ নিয়েই আজ মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। স্প্যানিশ লা লিগার দশম রাউন্ডের ম্যাচটি হবে বার্সেলোনার মাঠ স্পটিফাই ক্যাম্প ন্যুতে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দিবাগত রাত ২টায়। 

এল ক্লাসিকো কেন অন্য ম্যাচগুলোর চেয়ে আলাদা, তা ব্যাখ্যা করেছেন বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক। সংবাদ সম্মেলনে জার্মান কোচ বলেন, 'এল ক্লাসিকো একেবারেই আলাদা। আমাদের খেলায় এটি সেরা ম্যাচগুলোর একটি। সবাই এই ম্যাচ দেখে। এটি অসাধারণ। আমরা অবশ্যই তিন পয়েন্টের জন্য খেলছি, কিন্তু ম্যাচটির গুরুত্ব তার চেয়েও বেশি। এই লড়াইয়ের অংশ হতে পেরে আমি খুশি। আমরা প্রস্তুত এবং নিজেদের দলের ওপর আমাদের প্রবল আস্থা আছে।' 

বার্সেলোনার আত্মবিশ্বাসের পেছনে রয়েছে লিগে তাদের দুর্দান্ত সূচনা। প্রথম ৯ ম্যাচের সব কয়টিতে জিতে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে কাতালান ক্লাবটি। অন্যদিকে দুটি ম্যাচে হেরে পিছিয়ে পড়েছে রিয়াল মাদ্রিদ। ম্যাচটির আগে দুই দলের ব্যবধান ছয় পয়েন্ট।

চ্যাম্পিয়নস লিগে পিএসজির কাছে হারের পর বার্সেলোনার জন্য ম্যাচটি আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তবে বার্সেলোনার ঐ পরাজয়কে অতিরিক্ত গুরুত্ব দিতে চান না রিয়াল কোচ হোসে মরিনিও। সংবাদ সম্মেলনে মরিনিওর বক্তব্যে ছিল আত্মবিশ্বাস, সমালোচনার জবাব এবং কৌশল গোপন রাখার প্রবণতা। 

বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক

বার্সেলোনার প্রশংসা নিয়ে কোনো অস্বস্তি আছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রতিপক্ষ ভালো খেললে প্রশংসা পাওয়ার যোগ্য। তবে অন্যরা বার্সেলোনাকে নিয়ে কী বলছে, তা তাকে বিচলিত করে না। নিজের দলকে এখনো পূর্ণতা পাওয়া একটি দল হিসেবে দেখছেন না মরিনিও। তার মতে, ফুটবলে একটি দলকে পুরোপুরি প্রস্তুত করে তোলা কঠিন।

বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের লড়াইয়ের শিকড় আজকের ফুটবলে নয়। দুই দলের প্রথম মুখোমুখি দেখা ১৯০২ সালের ১৩ মে। মাদ্রিদের লা কাস্তেয়ানা হিপোড্রোমে কোপা দে লা করোনাসিওন প্রতিযোগিতায় সেই ম্যাচে ৩-১ গোলে জিতেছিল বার্সেলোনা। 'এল ক্লাসিকো' শব্দটির অর্থ স্প্যানিশ ভাষায় 'দ্য ক্লাসিক' বা ধ্রুপদি দ্বৈরথ। ষাটের দশকে স্থানীয় সংবাদমাধ্যমে শব্দটির ব্যবহার দেখা যায়। বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের প্রতিদ্বন্দ্বিতার পেছনে রয়েছে স্পেনের ইতিহাস ও রাজনৈতিক বাস্তবতার প্রভাব। বার্সেলোনা কাতালান পরিচয় ও আঞ্চলিক স্বাতন্ত্র্যের প্রতীক হিসেবে পরিচিত। অন্যদিকে রিয়াল মাদ্রিদকে ঘিরে স্প্যানিশ জাতীয়তাবাদের সঙ্গে ঐতিহাসিক সম্পর্কের আলোচনা দীর্ঘদিনের।

রিয়াল মাদ্রিদ কোচ জোসে মরিনিও

পরিসংখ্যানেও দুই দলের প্রতিদ্বন্দ্বিতা প্রায় সমানে সমান। প্রতিযোগিতামূলক এল ক্লাসিকোয় বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ দুই দলই জিতেছে ১০৬টি করে ম্যাচ। ড্র হয়েছে ৫২টি। শুধু লা লিগার মুখোমুখি লড়াইয়ের হিসাব ধরলে এগিয়ে রয়েছে রিয়াল। এই প্রতিযোগিতায় তাদের জয় ৮০টি, বার্সেলোনার ৭৭টি। ড্র হয়েছে ৩৫টি ম্যাচে।

ইত্তেফাক/জেডএইচ