বাড়ি ভাড়া শোধ করতে না পেরে ঘরে বসেই তৈরি করলেন ৪৮ লাখ টাকা!

আপডেট : ২৫ অক্টোবর ২০২৬, ১৪:০৯

ভারতের মহারাষ্ট্রের নাগপুর শহরে বাড়ি ভাড়ার টাকা জোগাড় করা নিয়ে গৃহকর্তার সঙ্গে ঝামেলা চলছিল এক ব্যক্তির। এরপর ভাড়া ঘরেই ৫০০ টাকার জাল নোট ছাপা শুরু করেন সেই ব্যক্তি! রোববার (২৫ অক্টোবর) ভারতীয় সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

জানা যায়, বাড়ি ভাড়া না দিয়ে সেই ভাড়াটে বেশ কিছুদিন ধরে লাপাত্তা ছিলেন। শেষমেশ ঘরের তালা ভাঙতেই বিষয়টি চাউর হয়ে যায়। ঘরজুড়ে ছড়িয়ে-ছিটিয়ে থাকা ৫০০ টাকার নোটের মোট মূল্য প্রায় ৪৮ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, গত কয়েক দিন ধরে উথোড়া এলাকার ওই ঘরে আসা-যাওয়া বন্ধ রেখেছিলেন পুষ্পক কৃষ্ণ ভাণ্ডারকর ওরফে বেনদানে নামের এক যুবক। সন্দেহ হলে শনিবার হাতুড়ি দিয়ে ঘরের দরজার তালা ভাঙেন বাড়িওয়ালা রমেশ। ঘরে ঢুকেই তিনি অবাক হয়ে যান! একটি বালতির ভেতর নোটের বান্ডিল, চারদিকে ছড়িয়ে থাকা কাগজ আর একটা প্রিন্টার বা ছাপানোর যন্ত্র দেখে ঘাবড়ে যান তিনি। সঙ্গে সঙ্গে খবর দেন উথোড়া থানায়।

পরে ঘটনাস্থলে গিয়ে বস্তা বস্তা ৫০০ টাকার জাল নোট দেখতে পায় পুলিশের একটি দল। 

নোট গণনার যন্ত্র এনে জানা যায়, সেখানে প্রায় ৩৮ লাখ রুপির মূল্যমানের জাল নোট ছাপা হয়েছে। পাশাপাশি এক পিঠে ছাপা কিন্তু অন্য পিঠ ফাঁকা—এমন বেশ কিছু আধছাপা নোট ও সরঞ্জাম উদ্ধার করা হয়। সব মিলিয়ে জব্দ করা মালামাল ও নোটের আনুমানিক দাম প্রায় ৬২ লাখ ৫৩ হাজার টাকা। 

জানা যায়, নাগপুরের ত্রিমূর্তি নগরের বাসিন্দা পুষ্পক।

পুলিশ সূত্রে জানা যায়, প্রায় দেড় বছর আগে খারবি এলাকায় ঘরটি ভাড়া নিয়েছিলেন মূল অভিযুক্ত পুষ্পক। গত জানুয়ারি মাসে তার ভাড়ার চুক্তির মেয়াদ শেষ হয়ে যায়। পাশাপাশি বেশ কয়েক মাস ধরে বাড়ি ভাড়াও দিচ্ছিলেন না তিনি।

বাড়িওয়ালা ঘর খালি করার কথা বলতেই সেপ্টেম্বর মাসে তাকে ছুরি দেখিয়ে হুমকি দেন পুষ্পক বলেও অভিযোগ রয়েছে। ওই ঘটনার পর থানায় একটি সাধারণ ডায়েরিও (জিডি) করেছিলেন বাড়িওয়ালা।

এদিকে পুষ্পক আপাতত পলাতক রয়েছেন। পুলিশ তাকে গ্রেপ্তারে অভিযান শুরু করেছে। 

তদন্তকারীরা তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলে জানা যায়, তিনি বর্তমানে মুম্বাইয়ে অবস্থান করছেন। তাকে ধরতে খুব শিগগির মুম্বাইয়ে পুলিশের একটি বিশেষ দল পাঠানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

ইত্তেফাক/এনটিএম