বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নতুন সদস্য হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বাংলা বিভাগের অধ্যাপক ড. শামীমা সুলতানা।
রোববার (২৫ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব আল-বশিরুল ইসলামের সই করা ওই প্রজ্ঞাপনে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ১৩৮(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে অধ্যাপক ড. শামীমা সুলতানাকে জনস্বার্থে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সদস্য পদে সানুগ্রহ নিয়োগ প্রদান করলেন।
সংবিধানের ১৩৯ (১) অনুচ্ছেদ অনুযায়ী, তিনি দায়িত্ব নেওয়ার দিন থেকে ৫ বছর বা তার বয়স ৬৫ বছর পূর্ণ হওয়া—এর মধ্যে যেটি আগে ঘটে, সে সময় পর্যন্ত বিপিএসসির সদস্য পদে বহাল থাকবেন।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় অধ্যাপক ড. শামীমা সুলতানা মুঠোফোনে বলেন, রাষ্ট্রীয় এই গুরুত্বপূর্ণ পদে আমার ওপর আস্থা রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। মেধা ও যোগ্যতার মূল্যায়ন নিশ্চিত করতে বিপিএসসির স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রেখে অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করার সর্বাত্মক চেষ্টা করব।
প্রসঙ্গত, গত জুলাইয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে সুদৃঢ় নৈতিক অবস্থান নিয়েছিলেন অধ্যাপক ড. শামীমা সুলতানা। অন্যায়ের বিরুদ্ধে ব্যক্তিগত ও প্রতীকী প্রতিবাদ হিসেবে তিনি নিজের বিভাগীয় কার্যালয় থেকে তৎকালীন প্রধানমন্ত্রীর শেখ হাসিনার প্রতিকৃতি সরিয়ে ফেলেছিলেন, যা আন্দোলনকারী শিক্ষার্থীদের মধ্যে প্রেরণা জুগিয়েছিল এবং শিক্ষক সমাজে সাহসিকতার এক অনন্য নজির স্থাপন করেছিল। তিনি জাবি সিনেট সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।
