মোহাম্মদপুর থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা গ্রেপ্তার

আপডেট : ২৬ অক্টোবর ২০২৬, ০০:১৪

রাজধানীর মোহাম্মদপুরে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা আহাদ হোসেনকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২৫ অক্টোবর) রাতে মোহাম্মদপুরের ইকবাল রোড এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আহাদ ভোলা সদর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাধারণ সম্পাদক এবং সাবেক পৌর কাউন্সিলর ও প্যানেল মেয়র ছিলেন।

পুলিশ জানিয়েছে, সাবেক এই কাউন্সিলর দীর্ঘদিন ধরে ঢাকায় অবস্থান করে দলটির কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছিলেন। রাজধানীতে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি এবং ঝটিকা মিছিল পরিচালনার উদ্দেশ্যে তিনি ওই এলাকায় অবস্থান করছিলেন বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, আহাদ হোসেনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

 
ইত্তেফাক/এমএস