কলকাতায় অনেকেই কাজ করছেন এখন। তবে ভালোমানের প্রডাকশন, নির্মাতা এবং একইসঙ্গে রুচিশীল ছবির কাজের অফার আসে হাতেগোনা। সেদিক দিয়ে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি টলিউডের সবচেয়ে প্রশংসিত অভিনেতা ঋত্বিকের বিপরীতে কাজ করলেন। ছবিটির পরিচালক প্রদীপ ভট্টাচার্য্য।
পরিচালক প্রদীপ্ত ভট্টাচার্য্য ‘বাকিটা ব্যক্তিগত’ ফিল্মের জন্য পেয়েছেন ভারতের জাতীয় পুরস্কার। তিনি গণমাধ্যমকে বলেন, ‘বহুদিন ধরেই শ্রীকান্ত করার ইচ্ছে ছিল, এবার হলো। যদিও এটা এই সময়ে দাঁড়িয়ে রাজলক্ষ্মী ও শ্রীকান্ত। আমরা প্রচুর গান ব্যবহার করেছি। আমার নিজের মতে, ছবিতে যারা অভিনয় করেছেন বা ক্যামেরা, সাউন্ড, মিউজিক করেছেন প্রত্যেকেই যথেষ্ট অবদান রেখেছেন এবং আমাদের ছবিটিতে একটা ভালো টিমওয়ার্ক হয়েছে।’
আগামী ২০ সেপ্টেম্বর ছবিটি ভারতে মুক্তি পাবে। চলতি সপ্তাহে ছবিটির আড়াই মিনিটের একটি ট্রেলার রিলিজ হয়েছে। যা দেখে মুগ্ধ হয়েছেন অনেকেই। এদিকে ছবির অন্যতম অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি বলেন, ‘আমি তো অস্থির হয়ে আছি ছবিটি হলে দেখার জন্য। ক্যারিয়ারের অন্যতম একটি কাজ আমার এটি। ইচ্ছে আছে আমার দেশের বন্ধুদের নিয়ে কলকাতায় গিয়ে ছবিটি হলে বসে দেখবো।’
