কিশোরীকে চুমু দেওয়ায় বাবাসহ তরুণকে নগ্ন করে রাস্তায় হাঁটানোর অভিযোগ, কিশোরীর বাবা-মাসহ গ্রেপ্তার ৩

আপডেট : ২৬ অক্টোবর ২০২৬, ২১:২৩

কলকাতায় এক কিশোরীকে চুম্বন করার অভিযোগে এক তরুণ, তার বাবা এবং এক বন্ধুকে বিবস্ত্র করে রাস্তায় হাঁটতে বাধ্য করার অভিযোগ উঠেছে ওই কিশোরীর পরিবারের সদস্যদের বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ।

রোববার (২৫ অক্টোবর) কলকাতার সরশুনা থানা এলাকায় এই ঘটনা ঘটে। গ্রেপ্তার তিনজনই ওই কিশোরীর পরিবারের সদস্য।

পুলিশ সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যার দিকে ১৮ বছর বয়সী এক তরুণ কলকাতার খালপাড় মাঠে ১৩ বছরের এক কিশোরীর সঙ্গে দেখা করতে যান। সঙ্গে ছিলেন তার ১৯ বছর বয়সি এক বন্ধুও। কথাবার্তার একপর্যায়ে ওই তরুণ নাবালিকাকে চুম্বন করেন। বিষয়টি দেখতে পান নাবালিকার এক মামার বন্ধু। তিনি সঙ্গে সঙ্গে কিশোরীর বাবা ও মামাকে বিষয়টি জানালে মুহূর্তেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

অভিযোগ রয়েছে, কিশোরীর বাবা প্রদীপ সরকার ও মামা রাহুল বর্মন ওই দুই তরুণকে ধরে তাদের ক্ষুদিরামপল্লির বাড়িতে ডেকে নেন। পরে মামা ফোন করে আরও তিন-চারজন বন্ধুকে সেখানে জড়ো করেন। বাড়ির ভেতরে দীর্ঘ সময় ধরে তাদের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয়।

পরিস্থিতি আরও মারাত্মক মোড় নেয় যখন ঘটনাস্থলে ডেকে পাঠানো হয় ওই তরুণের বাবাকেও। অভিযোগ উঠেছে, তিনজনের মাথায় বন্দুকের নল ঠেকিয়ে তাদের জোর করে বিবস্ত্র করা হয়। এরপর বাড়ির সামনের রাস্তায় তাদের নগ্ন করে প্রায় ৫০ মিটার হাঁটতে বাধ্য করেন কিশোরীর পরিবারের সদস্যরা। বয়স্ক বাবা এবং বন্ধুকেও এই অমানবিক শাস্তি থেকে ছাড় দেওয়া হয়নি।

সোমবার (২৬ অক্টোবর) নির্যাতিত তরুণের বাবার করা অভিযোগের ভিত্তিতে কলকাতার সরশুনা থানায় একটি মামলা দায়ের করা হয়। ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) সংশ্লিষ্ট ধারায় খুনের চেষ্টা, বিপজ্জনক অস্ত্র দিয়ে আঘাত, অপহরণ, বেআইনিভাবে আটকে রাখা, সম্মানহানি ও ভয় দেখানোর অভিযোগে মামলাটি রুজু করা হয়েছে। এর সঙ্গে অস্ত্র আইনের ধারায় মামলা যুক্ত করে প্রধান অভিযুক্ত প্রদীপ সরকার, রাহুল বর্মন এবং কিশোরীর মা রিঙ্কু সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলার বাকি পলাতক আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

ইত্তেফাক/এএম