জ্বালানি তেলের বাড়তি কর নিয়ে ফ্রান্সে কয়েক সপ্তাহ ধরে চলা সহিংস বিক্ষোভের কারণে প্যারিসের আইফেল টাওয়ার, ল্যুভর মিউজিয়ামসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা আজ শনিবার বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সহিংসতা মোকাবিলায় এইদিন ফ্রান্সজুড়ে প্রায় ৮৯ হাজার পুলিশ মোতায়েন করা হবে। রাজধানী প্যারিসে সাঁজোয়া যান নামানোর ঘোষণাও দিয়েছেন প্রধানমন্ত্রী এদুয়ার্দ ফিলিপ।
জ্বালানি তেলের ওপর বাড়তি কর আরোপের প্রতিবাদে টানা তিন সপ্তাহ ধরে রাজধানী প্যারিসসহ ফ্রান্সের গুরুত্বপূর্ণ নগরীগুলোতে ‘ইয়োলো ভেস্ট’ আন্দোলন চলছে। সাপ্তাহিক ছুটির দিনগুলোতে আয়োজিত এসব প্রতিবাদ বিক্ষোভে বিক্ষোভকারীরা ট্যাক্সি চালকদের ব্যবহূত ইয়োলো ভেস্ট পরে আন্দোলন করছে বলে এটা ‘ইয়োলো ভেস্ট’ আন্দোলন নামে পরিচিতি পেয়েছে।
কয়েক দশকের মধ্যে গত শনিবার প্যারিসে সবচেয়ে সহিংস বিক্ষোভ হয়। ওই দিন অন্তত চারজন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। আন্দোলনের ডামাডোলে দেশজুড়ে সহিংসতা ও লুটতরাজ চলেছে, বেশ কয়েকটি স্থাপনা ও ভাস্কর্যও ভাঙা হয়েছে। এই শনিবারও বিক্ষোভ সহিংস রূপ ধারণ করার আশঙ্কায় তাই প্রশাসন আগাম ব্যবস্থা গ্রহণ করেছে। আইফেল টাওয়ার, ল্যুভর মিউজিয়ামসহ প্যারিসের বিখ্যাত ‘শঁজেলিজে’ স্কয়ারের সব দোকান ও রেস্তোরাঁ বন্ধ রাখতে বলা হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমের সহযোগিতায় আন্দোলন ফ্রান্সজুড়ে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়ার পর সরকারবিরোধী রাজনৈতিক পরিমণ্ডলেও এটি গ্রহণযোগ্যতা পেয়েছে। ‘ইয়োলো ভেস্ট’ আন্দোলনকারীদের পাশাপাশি অ্যাম্বুলেন্স চালক ও শিক্ষার্থীরাও নিজ নিজ দাবিতে মাঠে নেমেছে। এসব আন্দোলনের দৃশ্যমান নেতৃত্ব না থাকায় বিক্ষোভকারীদের সঙ্গে কোন প্রক্রিয়ায় আলোচনা হবে ফরাসী সরকারকে তা নিয়েও গলদঘর্ম হতে হচ্ছে। ফিলিপ বলেন, ‘সরকার আলোচনার জন্য প্রস্তুত, এটা দেখাতে ২০১৯ এর বাজেট বিল থেকেও বাড়তি করের বিষয়টি বাদ দেওয়া হয়েছে। এ সিদ্ধান্তকে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাত্রেঁদ্ধার জন্য ‘বড় ধরনের পরাজয়’ হিসেবেই দেখছেন পর্যবেক্ষকরা।
