ইসরায়েলে ভোট আজ, কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি নেতানিয়াহু

আপডেট : ২৭ অক্টোবর ২০২৬, ০৮:৫৪

ইসরায়েলে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, যা দীর্ঘ ১৮ বছর ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দীর্ঘ শাসনকালের ইতি ঘটাতে পারে অথবা নতুন রাজনৈতিক অচল অবস্থার সৃষ্টি করতে পারে। ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলা এবং পরবর্তী গাজা, লেবানন ও ইরান সংঘাতের পর এটিই দেশটির প্রথম নির্বাচন। 

১২০ আসনের নেসেটে সরকার গঠনের জন্য অন্তত ৬১টি আসন প্রয়োজন হলেও জরিপ অনুযায়ী কোনো জোটই একক সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না। ইসরায়েলের তিনটি প্রধান টেলিভিশনের শেষ জরিপে দেখা গেছে, সাবেক সেনাপ্রধান গ্যাডি আইজেনকোটের মধ্যপন্থী ইয়াশার পার্টি ২২ থেকে ২৩টি আসন পেয়ে নেতানিয়াহুর লিকুদ পার্টির ১৯ থেকে ২১ আসনের চেয়ে সামান্য এগিয়ে রয়েছে। এছাড়া সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট ও ইয়াইর লাপিদের বায়াতাদ জোট ১৪ থেকে ১৫টি আসন পেতে পারে।

জরিপ অনুযায়ী নেতানিয়াহুর ডানপন্থী ও ধর্মীয় জোট সর্বমোট ৫০টি আসন পেতে পারে এবং বিরোধী জোট পেতে পারে ৫২ থেকে ৫৬টি আসন। কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় নির্বাচন পরবর্তী জোট গঠন প্রক্রিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। প্রায় ৭৩ লাখ যোগ্য ভোটারের মধ্যে ১২ লাখ ফিলিস্তিনি নাগরিক রয়েছে এবং ফিলিস্তিনি নিয়ন্ত্রিত দলগুলো ১৪ থেকে ১৬টি আসন পেতে পারে, যা সরকার গঠনে মূল ভূমিকা রাখতে পারে।

সাবেক সামরিক প্রধান ৬৬ বছর বয়সী আইজেনকোট সরকারি জবাবদিহিতা ও রাজনৈতিক স্থিতিশীলতার প্রতিশ্রুতি দিয়ে প্রচারণা চালিয়েছেন। তবে নিরাপত্তা ইস্যুতে তিনি নেতানিয়াহুর মতো একই অবস্থান ধরে রেখেছেন এবং বর্তমান পরিস্থিতিতে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের বিরোধিতা করেছেন।

অন্যদিকে ৭৭ বছর বয়সী নেতানিয়াহু জাতীয় নিরাপত্তাকে মূল হাতিয়ার করে প্রচারণা চালালেও ৭ অক্টোবরের নিরাপত্তা ব্যর্থতা, দুর্নীতির মামলা এবং আন্তর্জাতিক অপরাধ আদালতের পরোয়ানার কারণে চরম চাপে রয়েছেন। আগামী ৪ নভেম্বরের মধ্যে আনুষ্ঠানিক ফলাফল প্রকাশের কথা রয়েছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

ইত্তেফাক/টিএইচ