দুষ্ট ঠিকাদারদের কালো তালিকাভুক্ত করুন :পরিকল্পনামন্ত্রী

আপডেট : ২২ আগস্ট ২০১৯, ২০:৪০

দুষ্ট ঠিকাদারদের ব্লাকলিস্ট বা কালোতালিকাভুক্ত করে সরকারি বিভিন্ন সংস্থায় প্রেরণ করতে বলেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। গতকাল বৃহস্পতিবার পাবলিক-প্রাইভেট স্টেকহোল্ডার কমিটির (পিপিএসি) ১৩তম সভায় প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী এ নির্দেশনা দেন। তিনি বলেন, দুুষ্ট ঠিকাদারদের কাজে রাখার কোনো মানে হয় না। তারা এক জায়গায় কালোতালিকায় থাকলে অন্য জায়গায় কাজ করেন। তাদের জন্য আমাদের উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন বিলম্বিত হয়। মন্ত্রী বলেন, এলজিইডি, পিডিবি, পানি উন্নয়ন বোর্ড—সবাই জানেন কারা দুুষ্ট ঠিকাদার। এদের ব্লাকলিস্ট করে ইন্টারনাল সার্কুলেট করেন।

গতকাল শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়। সরকারি ও বেসরকারি প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত পিপিএসি-এর ১৩তম সভায় আইএমইডি সচিব আবুল মনসুর মো. জয়েজউল্লাহ, সিপিটিইউ মহাপরিচাক মো. আলী নুর, বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের মুখ্য ক্রয় বিশেষজ্ঞ জাফরুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন। সভায় সমাপনী বক্তব্যে পরিকল্পনামন্ত্রী বলেন, ঠিকাদাররা অহেতুক প্রকল্পের কালক্ষেপণ করেন। এটা উন্নয়নের খারাপ দিক। আমরা দেখছি কিছু কিছু সিমেন্ট কোম্পানি ঠিকাদারদের প্রশিক্ষণ দিচ্ছেন। আমরাও ঠিকাদারদের প্রশিক্ষণ দিতে পারি। তিনি আরো বলেন, বড়ো প্রকল্প এলাকায় সিসি টিভি ব্যবহার করব। আমরা প্রকল্পের কর্মকর্তা ও ঠিকাদার উভয়ের স্বার্থ দেখব। তিনি জানান, চলতি অর্থবছরের শুরুতে জুলাই মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিবি) ১ দশমিক ৮৪ শতাংশ বাস্তবায়ন হয়েছে। এটা ভালো দিক। আগে অর্থবছরের শুরুতে কোনো খরচ হতো না। এবার পিডিদের অর্থখরচের ক্ষমতা বাড়ানো হয়েছে, তাই শুরুতে প্রকল্পের কাজে গতি এসেছে। আইএমইডি সচিব আবুল মনসুর মো. ফয়েজ উল্লাহ বলেন, ৭০ থেকে ৭৫ ভাগ প্রকল্প সময়মতো শেষ হয় না। এর ফলে জনগণ এই প্রকল্পগুলো হতে সঠিক সুফল পায় না এবং অর্থেরও অপচয় হয়।