বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) পূর্ণাঙ্গভাবে স্লিপ ল্যাব চালু করা হয়েছে। গতকাল সি ব্লকের সপ্তম তলায় এই স্লিপ ল্যাবের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া। তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অটোল্যারিংগোলজি-হেড এন্ড নেক সার্জারি বিভাগে স্লিপ ল্যাব পূর্ণাঙ্গভাবে চালু হওয়ার মধ্য দিয়ে নাকডাকা ও স্লিপ ডিসঅর্ডারে বা ঘুমের ব্যাঘাতজনিত সমস্যায় ভোগা রোগীদের চিকিত্সার জন্য নতুন দিগন্ত উন্মোচিত হলো। হেড এন্ড নেক সার্জারি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. বেলায়েত হোসেন সিদ্দিকী বলেন, স্লিপ ডিসঅর্ডার সমস্যাটি সারা বিশ্বে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। সঠিক সময়ে স্লিপ ডিজঅর্ডার বা ঘুমের সমস্যা পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে প্রকৃত কারণ নির্ণয় না হলে এবং যথাযথ চিকিত্সা না হলে উচ্চ রক্তচাপ, হূদরোগসহ নানা রোগে আক্রান্ত হতে পারে বা এ ধরনের রোগের ঝুঁকি বেড়ে যায়। তিনি বলেন, বিএসএমএমইউতে স্লিপ ডিসঅর্ডার পরীক্ষা করার সর্বাধুনিক যন্ত্র স্থাপন করা হয়েছে। এখানে রোগীরা স্বল্পমূল্যে এই পরীক্ষাটি করার বা স্লিপ স্টাডি করার সুবিধা পাবেন।
