ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নির্দিষ্ট পার্কিংয়ের দাবিতে বেসরকারি অ্যাম্বুলেন্স মালিকদের ধর্মঘট আগামী সাত দিনের জন্য স্থগিত করা হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ বেসরকারি অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমবায় সমিতির সাধারণ সম্পাদক বাদল মাদবর।
এর আগে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে পার্কিংয়ের দাবিতে মঙ্গলবার (২৭ অক্টোবর) থেকে বেসরকারি অ্যাম্বুলেন্স মালিকেরা ধর্মঘটের ডাক দেন। এতে রোগী ও স্বজনদের চরম ভোগান্তিতে পড়তে হয়।
বুধবার সকাল থেকে হাসপাতালের জরুরি বিভাগের পুরোনো ও নতুন ভবন এবং বহির্বিভাগের সামনে অ্যাম্বুলেন্সের জন্য অপেক্ষা করতে দেখা যায় রোগীর স্বজনদের। কয়েকজন স্বজনের অভিযোগ, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ যোগাযোগ করেও তারা প্রয়োজনীয় সহায়তা পাননি।
লাশ বাড়িতে নেওয়া এবং গুরুতর অসুস্থ রোগীদের অন্য হাসপাতালে স্থানান্তরের জন্য অ্যাম্বুলেন্স না পেয়ে বিপাকে পড়েন অনেকে। কেউ কেউ সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ড ভ্যানে করে লাশ নিয়ে যেতে বাধ্য হন।
বাংলাদেশ বেসরকারি অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমবায় সমিতির সাধারণ সম্পাদক বাদল মাদবর এর আগে জানিয়েছিলেন, ঢাকা মেডিকেলের প্রায় চার হাজার রোগীর সেবায় তাদের ১২০ থেকে ১৩০টি অ্যাম্বুলেন্স নিয়োজিত থাকে। কিন্তু নির্দিষ্ট পার্কিংয়ের জায়গা না থাকায় রাস্তায় গাড়ি রাখলে পুলিশ মামলা দেয় এবং ডাম্পিংয়ে পাঠায়।
তিনি জানান, ‘হাসপাতালের পুরোনো ভবনের পাশে একটি জায়গা নিজেদের খরচে সংস্কার করেছিলেন তারা। পরে সেখান থেকেও অ্যাম্বুলেন্স সরিয়ে দেওয়া হয়। সরকারকে রাজস্ব দিতে রাজি থাকলেও নির্দিষ্ট পার্কিংয়ের ব্যবস্থা চান তারা।
