কক্সবাজারের টেকনাফে সশস্ত্র ডাকাত দল ‘রফিক বাহিনীর’ সক্রিয় সদস্য শেখ বিজয়কে আটকের তথ্য জানিয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৫ (এসআরবি)। এ সময় তার হেফাজত থেকে দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও ধারালো অস্ত্রসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
বুধবার (২৮ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন এসআরবি কক্সবাজারের মিডিয়া কর্মকর্তা সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক।
আটক শেখ বিজয় (২৩) টেকনাফের হোয়াইক্যং খারাংখালি পূর্ব মহেশ খালিয়া পাড়ার শাহ আলমের ছেলে।
এসআরবি জানায়, মঙ্গলবার দিবাগত রাতে এসআরবি-১৫, সিপিসি-২, হোয়াইক্যং ক্যাম্পের একটি আভিযানিক দল নয়াবাজার এলাকায় অবস্থান করছিল। এসময় গোপন সংবাদের ভিত্তিতে দলটি জানতে পারে যে, কিছু মাদক কারবারি অবৈধ মাদকদ্রব্য বিক্রির জন্য টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পশ্চিম মহেশখালীয়া পাড়া এলাকায় অবস্থান করছে।
ওই তথ্যের ভিত্তিতে পশ্চিম মহেশখালীয়া পাড়া মো. শাহজাহানের বসতবাড়ির উত্তর পাশের খালপাড়ে এসআরবি আভিযানিক দল অবৈধ মাদকদ্রব্য উদ্ধারে অভিযান পরিচালনা করে। আভিযানিক দলের সদস্যদের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা দৌঁড়ে পালানোর সময় শেখ বিজয়কে আটক করতে সক্ষম হয়।
এ সময় তার হেফাজত থেকে একটি একনলা দেশীয় বন্দুক, দুটি ওয়ান শুটার এলজি, ১৭ রাউন্ড গোলাবারুদ, ২৭ রাউন্ড ফাঁকা কার্তুজ, ৬টি ধারালো ছোরা ও একটি স্মার্টফোন উদ্ধার করা হয়। পরে আটক শেখ বিজয়ের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থার জন্য জব্দ আলামতসহ টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
কক্সবাজারের মিডিয়া কর্মকর্তা সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অবৈধ অস্ত্র উদ্ধার, সশস্ত্র অপরাধী চক্রের তৎপরতা দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
