২১ আগস্টের জন্য বিএনপি দায়ী হলে পিলখানা হত্যাকাণ্ডের দায় আওয়ামী লীগের : রিজভী

আপডেট : ২২ আগস্ট ২০১৯, ২০:৫৪

একুশে আগস্টের গ্রেনেড হামলার ঘটনায় সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত হয়নি দাবি করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আওয়ামী লীগ ঘটনাটি নিয়ে উদ্দেশ্য প্রণোদিত রাজনীতি করছে। মূলত ২১ আগস্টের ঘটনা ছিল গভীর নীল নকশার অংশ, যার সঙ্গে ক্ষমতাসীনরা জড়িত কি না তা নিয়ে জনমনে যথেষ্ট সন্দেহ রয়েছে। এই মামলার সামগ্রিক সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত হলে প্রকৃত ঘটনা বেরিয়ে আসতো। কিন্তু তা না করে সুপরিকল্পিত নীলনকশা অনুয়ায়ী এই ঘটনাকে ন্যক্কারজনক কায়দায় সম্পূর্ণ রাজনৈতিকভাবে ব্যবহার করে ফায়দা নেয়ার চেষ্টা করে আসছে আওয়ামী লীগ। গতকাল  নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন রিজভী।

 গ্রেনেড হামলায় খালেদা জিয়া ও তারেক রহমানের সমালোচনার জবাবে রুহুল কবীর রিজভী বলেন, যে কোনো সরকারের আমলে কখনো কখনো অনাকাঙ্ক্ষিত এমন কিছু ঘটনা ঘটে, যার জন্য সেই সরকার দায়ী হতে পারে না। জাতীয় ও আন্তর্জাতিক বহুমুখী চক্রান্তকারীদের এজেন্টরা দেশে দেশে নানা নাশকতা করেছে। ২১ আগস্টের জন্য যদি বিএনপি সরকার দায়ী হয়, তাহলে পিলখানা হত্যাকাণ্ডের জন্য কেন আওয়ামী লীগ সরকার দায়ী হবে না?