কালিহাতীতে প্রবাসী যুবকের লাশ ১৮ দিনেও উদ্ধার হয়নি

আপডেট : ২২ আগস্ট ২০১৯, ২১:০১

খুন হওয়ার ১৮ দিন পরও উদ্ধার হয়নি কালিহাতীতে খুন হওয়া সৌদি প্রবাসী যুবক মো. মোশারফ মিয়ার লাশ। নিহত যুবকের বাড়ি ঘাটাইল উপজেলার দিগড় ইউনিয়নের মাইদারচালা নয়াবাড়ী গ্রামে। তিনি একই গ্রামে মো. সেকান্দার আলীর ছেলে। ঘটনায় জানা যায়, গত ৪ আগস্ট রাতে নিখোঁজ হওয়ার পর ঘাটাইল থানায় জিডি করে তার পরিবার। ঘাটাইল পুলিশ জিডি ও মোবাইল ফোনের কল লিস্টের সূত্র ধরে প্রতিবেশী সৌদি প্রবাসী ইসমাইল হোসেনের স্ত্রী নাছিমা আক্তারকে ১৬ আগস্ট রাতে তার বাবার বাড়ি কালিহাতি উপজেলার বীরবাসিন্দা গ্রাম থেকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর মোশারফের সঙ্গে তার দীর্ঘদিনের পরকীয়ার কথা স্বীকার করে নাছিমা।

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান আল মামুন বলেন, হত্যা মামলার অপর আসামি আক্তার হোসেনকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। তবে নিহতের স্ত্রীকে গ্রেফতার করা হয়েছে। তিনি আরো বলেন, প্রবাসী যুবকের লাশ গজারিয়া বিল থেকে অন্য জায়গায় সরিয়ে ফেলা হতে পারে। তাই এখনো লাশ উদ্ধার করা সম্ভব হয়নি। তবে লাশ উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।