খুলনায় নিখোঁজ স্কুলছাত্রের লাশ উদ্ধার

আপডেট : ২২ আগস্ট ২০১৯, ২১:০২

খুলনায় নিখোঁজের তিন দিন পর চিরঞ্জিত্ বালা (১৫) নামে স্কুলছাত্রের লাশ উদ্ধার  করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৯টার দিকে নগরীর আড়ংঘাটা থানার রংপুর ইউনিয়নের জোড়া বটতলা নামক স্থান থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। নিহত চিরঞ্জিত বালা রংপুর ইউনিয়নের জোড়া বটতলা গ্রামের রমেশ বালার ছেলে। সে নগরীর ফুলবাড়ীগেটস্থ বাংলাদেশ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) স্কুলের নবম শ্রেণির ছাত্র।

আড়ংঘাটা থানার ডিউটি অফিসার এসআই মো. মোস্তফা জানান, চিরঞ্জিত্ বালা গত ১৯ আগস্ট রাতে তার মাকে বই আনার কথা বলে বাড়ি থেকে বের হয়। এরপর থেকে সে নিখোঁজ ছিল। বৃহস্পতিবার সকালে এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে তার লাশ উদ্ধার করা হয়।

আড়ংঘাটা থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রেজাউল করিম বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।  তার গলা ও শরীরের বিভিন্ন স্থানে ক্ষতচিহ্ন রয়েছে। তবে, এটি হত্যা না আত্মহত্যা সে বিষয়ে প্রাথমিক কোনো ধারণা দিতে পারেননি তিনি।