লক্ষ্মীপুরের রায়পুরে রেস্টুরেন্টের খাবারের বকেয়া ২০ হাজার টাকা পরিশোধ করতে চাওয়ায় একটি মিনি চাইনিজ রেস্টুরেন্টে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক জামায়াত নেতার বিরুদ্ধে। ঘটনার পর থেকে টানা তিন দিন ধরে প্রতিষ্ঠানটি বন্ধ থাকায় ভেতরে রাখা কাঁচামাল পচে বিপুল ক্ষতির সম্মুখীন হচ্ছেন বলে দাবি করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী শাহাদাত হোসেন।
অভিযুক্ত ব্যক্তি হলেন সাইয়্যেদ জাহেদ ইজ্জুদ্দীন তাহের জাবিরী আল মাদানী। তিনি উপজেলার উত্তর চরআবাবিল ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামায়াত মনোনীত ইউপি চেয়ারম্যান প্রার্থী এবং হায়দারগঞ্জ বাজার বড় মসজিদের খতিব হিসেবে কর্মরত। ভুক্তভোগী শাহাদাত হায়দারগঞ্জ বাজারের 'ঘরোয়া ফুড অ্যান্ড কাবাব ঘর'-এর স্বত্বাধিকারী। তিনি বুধবার (২৮ অক্টোবর) রায়পুর থানায় লিখিত অভিযোগ দাখিল করেন।
অভিযোগ সূত্রে ও কর্মচারীদের বরাতে জানা যায়, বিভিন্ন সময়ে মেহমান নিয়ে এসে খাবার খেয়ে মাওলানা জাহেদের কাছে গত পাঁচ মাস ধরে ২০ হাজার টাকা বকেয়া জমা হয়। গত ২৭ অক্টোবর সকালে পাওনা টাকা দাবি করলে তিনি ক্ষিপ্ত হয়ে ১২-১৩ জন সহযোগী নিয়ে এসে রেস্টুরেন্টের রান্নাঘরে এবং পরবর্তীতে মূল ফটকে তালা লাগিয়ে দেন। এসময় রেস্টুরেন্ট কর্মীদের জোরপূর্বক বের করে দেওয়া হয়, যার কিছু দৃশ্য সিসিটিভি ক্যামেরায় সংরক্ষিত রয়েছে বলে জানিয়েছে মালিকপক্ষ।
এদিকে সমস্ত অভিযোগ অস্বীকার করে সাইয়্যেদ জাহেদ জানান, তিনি রেস্টুরেন্টে কোনো তালা দেননি। উল্টো শাহাদাত নিজেই তালা দিয়ে তার নামে মিথ্যা অপপ্রচার চালাচ্ছেন বলে দাবি করেন তিনি।
হায়দারগঞ্জ বাজার কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে যে উভয়পক্ষের মধ্যে অর্থ লেনদেনের জটিলতার বিষয় রয়েছে। এ বিষয়ে রায়পুর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নির্মল ত্রিপুরা জানান, লিখিত অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিষয়টি নিষ্পত্তির লক্ষ্যে আগামী ৩১ অক্টোবর উভয়পক্ষকে থানায় ডাকা হয়েছে।
