ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌর শহরের দত্তপাড়া গ্রামে একটি ফিশারিতে দুর্বৃত্তদের দেওয়া বিষে প্রায় ১২ লাখ ৩০ হাজার টাকার মাছ মারা যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষয়ক্ষতির বিচার ও দোষীদের শাস্তির দাবিতে ঈশ্বরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করেছেন ফিশারির মালিক মাসুম খান। অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যার পর আইনগত প্রতিকার চেয়ে থানায় লিখিত অভিযোগটি দায়ের করা হয়।
অভিযোগ সূত্রে জানা যায়, বুধবার গভীর রাতে ৬০ শতক জমির ওপর নির্মিত ফিশারিতে বিষ প্রয়োগ করে দুর্বৃত্তরা। এতে পুকুরে থাকা প্রায় ৮০ মণ গুলশা মাছ মারা যায়, যার আনুমানিক বাজারমূল্য ১২ লাখ টাকা। এ ছাড়া রুই, কাতলা, সিলভার কার্প ও মাগুরসহ আরও প্রায় ৩০ হাজার টাকার অন্যান্য মাছ মরে ভেসে ওঠে।
মৎস্যচাষি মাসুম খান জানান, প্রতিদিনের মতো বুধবার রাতেও মাছকে খাবার দিয়ে তিনি বাড়ি ফিরে যান। বৃহস্পতিবার ভোরে পুকুরের মাছগুলো ভেসে উঠতে দেখে বিষ প্রয়োগের বিষয়টি তিনি টের পান। হঠাৎ করে পুরো বিনিয়োগ ও কয়েক মাসের পরিশ্রম ভেস্তে যাওয়ায় তিনি চরম দিশেহারা হয়ে পড়েছেন এবং ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। স্থানীয় বাসিন্দারাও ঘটনাটিকে একটি পরিকল্পিত নাশকতা বলে মনে করছেন।
এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ রোমন জানান, খবর পাওয়া মাত্রই পুলিশ পাঠিয়ে ঘটনাস্থল পরিদর্শন করানো হয়েছে। ফিশারি মালিকের লিখিত অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
