গুজরাটে গরু জবাইয়ের দায়ে ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড

আপডেট : ৩০ অক্টোবর ২০২৬, ০৪:০৭

ভারতের গুজরাটের গান্ধীনগরে গরু জবাইয়ের এক মামলায় তিনজনকে সশ্রম যাবজ্জীবন কারাদণ্ড এবং প্রত্যেককে ৩ লাখ রুপি করে জরিমানা করেছেন রাজ্যের একটি আদালত। রায়ের পর্যবেক্ষণে প্রাচীন সংস্কৃত ধর্মগ্রন্থ মনুস্মৃতির শ্লোক উদ্ধৃত করে বিচারক গরুকে ‘বিশ্বজগতের মাতা’ ও সর্বজনীন কল্যাণের উৎস হিসেবে বর্ণনা করেন।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়, গুজরাটের গান্ধীনগর জেলার জামলা গ্রামের একটি ঘটনায় গান্ধীনগর সেশনস আদালত এ রায় প্রদান করেন। ২০২৪ সালের আগস্টে জামলা গ্রামের একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে কালোল থানা পুলিশ ২৭৭ কেজি গরুর মাংস এবং পশু জবাইয়ের সামগ্রীসহ অভিযুক্তদের আটক করেছিল। ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া জীবিত গবাদিপশুগুলোকে স্থানীয় গোশালায় পাঠানো হয়।

মামলার বিচারক সেশনস জজ বি আর রাজপুত রায়ের শুরুতে বৈদিক শ্লোক ও ধর্মীয় গ্রন্থের বাণী উল্লেখ করে বলেন, গবাদিপশু রক্ষা করা সহমর্মিতা এবং পরম সত্য প্রতিষ্ঠার সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। রায়ে পৌরাণিক দেবগাভি ‘কামধেনু’র উল্লেখ করে তিনি জানান, সব প্রাণের সুরক্ষা ও ন্যায়সংগত আইন মেনে চলাই একটি সভ্য সমাজের ভিত্তি।

বিচারপ্রক্রিয়ায় সহকারী সরকারি কৌঁসুলি জিগনেশ এইচ জোশি উপস্থাপিত শারীরিক আলামত ও সাক্ষ্যের ভিত্তিতে অপরাধের গুরুত্ব তুলে ধরেন। সার্বিক প্রমাণাদির ভিত্তিতে আদালত গুজরাট প্রাণী সংরক্ষণ আইনে অভিযুক্ত ওয়াসিম শাহাবুদ্দিন বাবু কুরেশি, মোহাম্মদ রফিক মোহাম্মদ হানিফ আলিভাই কুরেশি এবং আশফাক ওরফে সালমান আল্লারাখা আবদুল বেহলিমকে দোষী সাব্যস্ত করে এই সর্বোচ্চ সাজা দেন।

গুজরাটের উপমুখ্যমন্ত্রী হর্ষ সাংভি এ রায়কে স্বাগত জানিয়ে বলেন, গুজরাটে গো-হত্যার মতো অপরাধে জড়িতদের আইন কখনো ছাড় দেবে না এবং গো-মাতা রক্ষা করা রাজ্যের অটল সংকল্প।

ইত্তেফাক/এএম