মালাইকার পর নতুন প্রেমে অর্জুন? রহস্য বাড়ালেন বরুণ

আপডেট : ৩০ অক্টোবর ২০২৬, ০৮:৫৯

মালাইকা অরোরার সঙ্গে বিচ্ছেদের পর নিজেকে সিঙ্গল বলে পরিচয় দিয়েছিলেন বলিউড অভিনেতা অর্জুন কাপুর। তবে সম্প্রতি তার ব্যক্তিগত জীবন নিয়ে নতুন করে জল্পনা তৈরি হয়েছে। অভিনেতা নতুন কারও সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন বলে ইঙ্গিত দিয়েছেন বন্ধু ও অভিনেতা বরুণ ধাওয়ান।

‘কফি উইথ করণ’-এর তৃতীয় পর্বে অতিথি হিসেবে হাজির হয়েছিলেন বরুণ ধাওয়ান ও জাহ্নবী কাপুর। অনুষ্ঠানে তাদের ক্যারিয়ার ও ব্যক্তিজীবনের নানা প্রসঙ্গ উঠে আসে। একপর্যায়ে বিশেষ অতিথি হিসেবে যোগ দেন অর্জুন কাপুর। কফি কাউচে বরুণ ও অর্জুনের বন্ধুত্বপূর্ণ কথোপকথনের মধ্যেই সামনে আসে অভিনেতার প্রেমজীবনের প্রসঙ্গ।

অনুষ্ঠানে বরুণ মজার ছলে দাবি করেন, অর্জুন কারও সঙ্গে ডেট করছেন। বন্ধুর এমন মন্তব্যে বিস্ময় প্রকাশ করে অর্জুন জানতে চান, তিনি কার সঙ্গে ডেট করছেন। জবাবে বরুণ বলেন, ‘তুমিই বলে দাও।’ এরপর অর্জুন পাল্টা মন্তব্য করেন, ‘যেহেতু তুমি কারও সঙ্গে দেখা করেছ এবং ছবি তুলেছ, তাই বলে কি।’

দুই অভিনেতার এই কথোপকথনের পর অর্জুনের নতুন সম্পর্ক নিয়ে দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। যদিও তিনি কারও সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন কি না, সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানাননি।

একসময় মালাইকা অরোরার সঙ্গে দীর্ঘদিন প্রেমের সম্পর্কে ছিলেন অর্জুন। ২০১৮ সালের দিকে তাদের সম্পর্কের শুরু। প্রায় পাঁচ থেকে ছয় বছর একসঙ্গে থাকার পর ২০২৪ সালে তাদের বিচ্ছেদের খবর সামনে আসে। একই বছর একটি অনুষ্ঠানে নিজেকে সিঙ্গল হিসেবে পরিচয় দেন অর্জুন। এরপর থেকেই তার ব্যক্তিগত জীবন নিয়ে নানা আলোচনা চলছিল। বরুণের সাম্প্রতিক মন্তব্য সেই জল্পনাকে আরও উসকে দিয়েছে।

ইত্তেফাক/এসজেএস