নিজের ফেসবুক অ্যাকাউন্ট ফিরে পেলেন মোস্তফা সরওয়ার ফারুকী

আপডেট : ৩০ অক্টোবর ২০২৬, ০৯:১৪

নিজের ফেসবুক অ্যাকাউন্ট ফিরে পেয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরওয়ার ফারুকী। অ্যাকাউন্ট ফিরে পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম থেকে চার দিন দূরে থাকায় কাজের গতি ও মানসিক স্বাস্থ্যের উন্নতি হয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে অ্যাকাউন্ট ফিরে পাওয়ার বিষয়টি জানান ফারুকী।

পোস্টে তিনি লেখেন, ‘সিনিয়র ফেসবুকার ইজ ব্যাক। যারা আমার অ‍্যাকাউন্ট খাওয়ার কাজটা করছেন তাদের ধন্যবাদ। শুধু ফেসবুকে না থাকার কারণে গত চারদিন আমার শ‍্যুটিং, প্রি-প্রোডাকশন, পোস্ট প্রোডাকশন সব কাজের গতি দশ গুণ বাড়ছে।’

ফেসবুক থেকে দূরে থাকার কারণে মানসিক স্বাস্থ্যের উন্নতি এবং পরিবারের সঙ্গে নির্বিঘ্নে সময় কাটানোর সুযোগ হয়েছে বলেও উল্লেখ করেন এই নির্মাতা। তিনি লেখেন, ‘সবচেয়ে বড় কথা- অনলাইনের গাঁজাখুরী প্রোপাগান্ডা না দেখার ফলে মানসিক স্বাস্থ্যের যে উপকারটা হইলো, পরিবারের সাথে যে বিনা ডিস্টার্বে সময় কাটানোর অভ্যাস ফিরে পাইলাম- এটার হাদিয়াটা কী ওদের দিয়ে দিবো?’

এর আগে গত ২৪ অক্টোবর শনিবার সন্ধ্যায় ফারুকী জানিয়েছিলেন, সকাল থেকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রবেশ করতে পারছেন না তিনি। তার অভিযোগ ছিল, ঘুম থেকে উঠে ফেসবুকে প্রবেশের চেষ্টা করলেও অ্যাকাউন্টে ঢুকতে পারেননি। কেউ হ্যাক করার চেষ্টা করে ব্যর্থ হয়ে অ্যাকাউন্টটি নিষ্ক্রিয় করে দিয়েছে বলে দাবি করেন তিনি।

ফারুকীর আরও অভিযোগ, বেশ কিছুদিন ধরে তাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছিল। এতে সফল না হয়ে শেষ পর্যন্ত তার ফেসবুক অ্যাকাউন্টে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছিলেন তিনি।

 
ইত্তেফাক/এসএ