জগন্নাথপুরে নিখোঁজের ১১ দিন পর টমটমসহ চালকের লাশ উদ্ধার

আপডেট : ২২ আগস্ট ২০১৯, ২১:০৩

জগন্নাথপুরে ঈদের আগের দিন টমটম গাড়িসহ নিখোঁজ হওয়া চালক সাইদুল ইসলামের (১৭) লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার ২১ আগস্ট মধ্য রাতে দক্ষিণ সুরমা থানা পুলিশের সহযোগিতায় সিলেট-ঢাকা মহাসড়কের এসএমপির দক্ষিণ সুরমা উপজেলার রশিদপুর নামক স্থানে সড়কের খাল থেকে টমটম চালক সাইদুল ইসলামের লাশ উদ্ধার করা হয়েছে। ১৯ আগস্ট নিখোঁজ সাইদুল ইসলামের ব্যবহূত টমটম গাড়িটি ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয় নগর এলাকা থেকে উদ্ধার করা হয়। এসময় ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার আতুপুড়া গ্রামের গোপাল দেবের ছেলে কাজল দেবকে (২৭) আটক করা হয়।

জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, আটক কাজল দেব জিজ্ঞাসাবাদে টমটম চালক সাইদুল ইসলাম হত্যাকাণ্ডের তথ্য প্রদান করে এবং তার তথ্যের ভিত্তিতে  দক্ষিণ সুরমা থানা পুলিশের সহযোগিতায় বুধবার মধ্য রাতে সিলেট-ঢাকা মহাসড়কের এসএমপির দক্ষিণ সুরমা উপজেলার রশিদপুর নামক স্থানে সড়কের খাল থেকে সাইদুল ইসলামের লাশ উদ্ধার করা হয়েছে। সুরতহাল রিপোর্ট শেষে ঐ দিন রাতেই ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে, টমটম চালক সাইদুল ইসলামের লাশ উদ্ধারের খবর বাড়িতে পৌঁছালে মা, ভাই-বোনসহ আত্মীয়-স্বজনের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।

প্রসঙ্গত, জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনিয়নের বাউরকাপন গ্রামের মৃত শফিক মিয়ার ছেলে সাইদুল ইসলাম ঈদুল আজহার আগের দিন সকাল ৬টায় বাড়ি থেকে বের হয়ে মিরপুর বাজার থেকে টমটম গাড়ি নিয়ে ভাঙারি মালের ব্যবসায়ীর মালামালসহ পার্শ্ববর্তী বিশ্বনাথ উপজেলার বাগিচা বাজারের উদ্দেশে রওনা হয়। অনেক খোঁজাখুঁজির পরও সন্ধান না পেয়ে নিখোঁজ সাইদুল ইসলামের বড়ো ভাই রিয়াজুল ইসলাম জগন্নাথপুর থানায় নিখোঁজ ডায়েরি রুজু করেন।