সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার কালনী নদী থেকে এক ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃত ব্যক্তির নাম মো. তুতো রহমান (৪৫)। তিনি উপজেলার নোয়াখালীর কাটাগাঙ্গ এলাকার নাছির উদ্দিনের ছেলে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার পাথারিয়া বাজার মাদ্রাসা সংলগ্ন কালনী নদীতে একটি লাশ ভেসে উঠতে দেখে স্থানীয়রা শান্তিগঞ্জ থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে শান্তিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর সহায়তায় লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এ ব্যাপারে শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হারুন অর রশিদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, নিহত ব্যক্তি গত দুই দিন আগে নোয়াখালী এলাকায় কাটাগাঙ্গ নদীতে পড়ে পানিতে তলিয়ে যান। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন ।
