সাফে কিশোর ফুটবলারদের মিশন শুরু আজ

আপডেট : ২২ আগস্ট ২০১৯, ২১:০৮

ভারতের কলকাতার পাশের শহরেই শুরু হয়ে গেছে কিশোর ফুটবলারদের নিয়ে সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপ। ৫ দেশ নিয়ে লিগ পদ্ধতির এই লড়াইয়ে বুধবার প্রথম ম্যাচে ভারত ৫-০ গোলে নেপালকে এবং শ্রীলঙ্কা ৩-২ গোলে ভুটানকে হারিয়েছে। আজ বাংলাদেশের মিশন শুরু হবে। আজ ভারতের সময় বেলা ১২টায় বাংলাদেশ খেলবে ভুটানের বিপক্ষে।

কিশোরদের সাফে বাংলাদেশ বর্তমান চ্যাম্পিয়ন দল। এবার শিরোপা ধরে রাখার লড়াইয়ে কঠিন পরীক্ষা দিতে হবে। কঠিন পরীক্ষার জন্য কঠিন প্রস্তুতিও নিয়েছে বাংলার কিশোররা। ঈদের ছুটিতে বাড়ি যাওয়া হয়নি। ইংলিশ কোচ রব রায়েলস টানা অনুশীলন করিয়েছেন কিশোর ফুটবলারদের। প্রস্তুতিটা ভালো হয়েছে। আত্মবিশ্বাস বেড়েছে। ভারতের কল্যাণীতে গিয়ে একটা প্রস্তুতি ম্যাচও খেলেছে তারা। জয় পেয়েছে বলে সাহসটা আরো বেড়েছে। এখন তাদের আসল পরীক্ষা। ভুটানকে হারিয়ে শুভ সূচনা করতে চায়। ইংলিশ কোচকে বলা হয়েছে এই ভুটানের বিপক্ষে হারের কারণে বাংলাদেশের ফুটবল নানা সমালোচনার মুখে পড়েছিল। কিন্তু সেই সমালোচনার কথা কান দেননি। তিনি নাকি জানিয়েছেন সেটা পুরোনো কথা। অতীত হয়ে গেছে তা নিয়ে আর কথা বলে কোনো লাভ নেই। আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই।

বেরাইদে ফর্টিজ গ্রুপের সঙ্গ গড়ে ওঠা বাফুফের ফুটবল একাডেমির খেলোয়াড়রা ভারতের সাফের খেলায় লড়াই করবে। ৫টি সাফের মধ্যে বাংলাদেশের শিরোপা দুটি। এখন নতুনদের মধ্যে চ্যালেঞ্জ ট্রফি ধরে রাখতে হবে। খেলোয়াড়রা ঢাকা ছাড়ার আগে জানিয়ে গেছেন আগের খেলাগুলোর চেয়ে বর্তমান সাফের লড়াইটা হবে অনেক বেশি চ্যালেঞ্জের।

কারণ বর্তমান খেলোয়াড়রা আগের চেয়ে বেশি শক্তিশালী। খেলায় হারজিত থাকতেই পারে। তবে মাঠে নেমে হেরে যাওয়ার কোনো সুযোগ নেই বলে মনে জানিয়ে গিয়েছেন বাংলার কিশোর ফুটবলাররা। এএফসির নির্দেশনা অনুসারে সাফ অনূর্ধ্ব-১৫ ফুটবল হয়। আগে এটি ছিল অনূর্ধ্ব-১৬ টুর্নামেন্ট।