লিওনেল মেসি চোট কাটিয়ে অনুশীলনে ফিরেছেন। লা লিগায় নিজেদের প্রথম ম্যাচে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে হারের পর চোটজর্জর দলে অধিনায়কের ফেরা নিশ্চিতভাবেই অনুপ্রাণিত করবে বার্সেলোনাকে। আগামী রবিবার রাতে নিজেদের মাঠে রিয়াল বেতিসের বিপক্ষে খেলবে লা লিগা শিরোপাধারীরা।
কোপা আমেরিকা ও ব্যক্তিগত ছুটি শেষে বার্সেলোনায় ফিরে গত ৫ আগস্ট প্রথম অনুশীলনে নেমেই কাফ ইনজুরিতে পড়েন মেসি। এ কারণে দলের সঙ্গে যুক্তরাষ্ট্রে গিয়ে ন্যাপোলির বিপক্ষে খেলতে পারেননি তিনি। ছিলেন না লা লিগার উদ্বোধনী দিনে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে হারের ম্যাচটিতেও।
চলতি মৌসুমের শুরুতে আন্তনিও গ্রিজমানকে নিবন্ধন করানোর পর দলটির ফরোয়ার্ডের সংখ্যা দাঁড়িয়েছিল ছয়ে। দিন চারেক আগে তাদেরই একজন ফেলিপে কোটিনহোকে বায়ার্ন মিউনিখে ধারে পাঠায় বার্সা। এরপর বিলবাওয়ের মাঠে চোট পান দলটির স্ট্রাইকার লুই সুয়ারেজ।
খেলাটির পর জানা যায় পেশিতে চোট পেয়েছেন আরেক ফরোয়ার্ড উসমান দেম্বেলেও! ফলে প্রথম সপ্তাহেই ফরোয়ার্ড শূন্যতার শঙ্কায় পড়ে যায় বার্সেলোনা।
এমন দুঃসময়ে চোট কাটিয়ে দলীয় অনুশীলনে ফিরেছেন মেসি। যদিও বেতিসের বিপক্ষে পাঁচবারের ব্যালন ডি’অর জয়ীর খেলা নিয়ে এখনো পরিষ্কার কিছু জানায়নি কাতালান ক্লাবটির মেডিক্যাল দল।
দ্বিতীয় ম্যাচে যদি শেষমেশ নাই খেলতে পারেন মেসি, তবে সেদিন কেবল দুই জন বিশেষজ্ঞ ফরোয়ার্ড নিয়ে নামতে হবে বার্সেলোনাকে।
ফলে ১২০ মিলিয়ন ইউরোর বিনিময়ে চলতি দলবদলেই বার্সায় যোগ দেওয়া গ্রিজমানের সঙ্গে আক্রমণভাগ সামলাবেন তরুণ কার্লোস পেরেজ। সঙ্গে যোগ দেবেন গেল ম্যাচে আক্রমণভাগে খেলা মিডফিল্ডার রাফিনিয়া আলকান্তারা।
হঠাত্ই দলের এই ফরোয়ার্ড সংকটে বার্সায় নেইমারের ফেরা নিয়ে গুঞ্জন আরো জোরদার হয়েছে কাতালান সংবাদ মাধ্যমে। তবে এ ব্যাপারে বরাবরের মতোই ধোঁয়াশা কাটেনি। ব্রাজিলীয় তারকার ভবিষ্যত্ গন্তব্য রিয়াল মাদ্রিদে হবে নাকি পুরোনো ডেরা বার্সেলোনায়, এ প্রশ্নের উত্তর পেতে তাই দলবদলের শেষ সময় ২ সেপ্টেম্বর পর্যন্ত অপেক্ষা করতেই হচ্ছে।
