রোনালদোকে সেরা খেলোয়াড় বানিয়েছেন মেসি!

আপডেট : ২২ আগস্ট ২০১৯, ২১:০৯

শেষ এক যুগ ধরেই সেরা ফুটবলার হবার প্রতিদ্বন্দ্বিতা চলছে লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদোর মধ্যে। সম্প্রতি পর্তুগীজ তারকা জানিয়েছেন, এই ‘সুস্থ প্রতিযোগিতাই সেরা হবার জন্য অনুপ্রাণিত করেছে তাকে। 

জুভেন্টাসে যোগ দেওয়ার আগে রোনালদো ছিলেন রিয়াল মাদ্রিদের প্রভাবশালী তারকা, আর মেসি প্রভাবিত করতেন বার্সেলোনাকে। তবে তারা কখনো পরস্পরের সঙ্গে ঘনিষ্ঠ হননি।

সম্প্রতি পর্তুগালের টেলিভিশন চ্যানেল টিভিআইকে রোনালদো বলেন, ‘আমি সব সময় তার (মেসি) ক্যারিয়ারের অনুরাগী ছিলাম। যখন আমি স্পেন ছেড়ে যাই, তখন তিনি নিজের হতাশা প্রকাশ করেছিলেন। কারণ দুই জনের মধ্যে ছিল প্রশংসনীয় প্রতিদ্বন্দ্বিতা। এটি ছিল ভালো প্রতিদ্বন্দ্বিতা।’

তবে দুই জনের মধ্যে এমন প্রতিযোগিতাকে অনন্য মানতে নারাজ রোনালদো, ‘তবে এই প্রতিযোগিতা অনুপম নয়। বাস্কেটবলে মাইকেল জর্ডানেরও প্রতিদ্বন্দ্বী ছিল। ফর্মুলা ওয়ানে একে অপরের প্রতিদ্বন্দ্বী ছিলেন অ্যারটন সেনা ও অ্যালাইন প্রস্ট। একটি বিষয় সবার জন্য এক, সেটি হচ্ছে সবারই সুস্থ প্রতিদ্বন্দ্বী ছিল।’ রোনালদো ও মেসি দুই জনই সমানসংখ্যক পাঁচবার করে ব্যালন ডি’অঁর খেতাব জয় করেছেন। জুভেন্তাস তারকা এটিকে এমন একটি বিষয় হিসেবে দেখছেন যা দুই জন খেলোয়াড়কেই উন্নতি করতে সহায়তা করেছে। রোনালদো বলেন, ‘মেসি যে আমাকে বৈপরীত্ব দিয়ে অপেক্ষাকৃত ভালো খেলোয়াড় বানিয়েছেন, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আমি যখন ট্রফি জয় করেছি তখন সেটি তাকে দংশন করেছে। আবার সে যখন ট্রফি জিতেছে তখন সেটি আমাকে পীড়া দিয়েছে। আমার সঙ্গে তার অসাধারণ একটি পেশাদারী সম্পর্ক রয়েছে, কারণ ১৫ বছর ধরে আমরা একই মুহূর্তগুলো ভাগাভাগি করেছি। যদিও আমরা কখনো একত্রে কোনো নৈশভোজ করিনি। ভবিষ্যতে না করারও কোনো কারণ দেখছি না। এ বিষয়ে আমি কোনো সমস্যা দেখছি না।’ -বাসস